২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউড সিরিজে কপিল শর্মা?

সামনেই আসছে কপিল শর্মার বলিউড ছবি ‘ফিরাঙ্গী’। কপিল ভক্তদের জন্য সুখবর হলো- অচিরেই তাদের প্রিয় তারকাকে দেখা যেতে পারে হলিউডের পর্দা মাতাতে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 11:27 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-২০০৭’ এর বিজয়ী হয়ে কৌতুক অভিনেতা হিসেবে প্রথম পরিচিতি পান কপিল শর্মা। এরপর ‘কমেডি নাইট উইথ কপিল’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এ ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। পরবর্তীতে তার উপস্থাপনায় সনি টিভিতে প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’ সর্বাধিক জনপ্রিয় কমেডি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নেয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, হলিউডর নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ মামা’র অর্থায়নে নির্মিতব্য কমেডি সিরিজ ‘কমেডি কারি’ এর জন্য কপিল শর্মাকে প্রস্তাব করা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ‘ফিরাঙ্গী’ অভিনেতাকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “টেলিফোনে ‘বিগ মামা’র পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আপাতত এ বিষয়ে তাদের সঙ্গে আমার প্রাথমিকভাবে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের সঙ্গে দেখা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানের মাধ্যমে কপিল শর্মার হাত ধরে মিডিয়ায় পরিচিতি পান সুনীল গ্রোভার, আলী আসগর, সুগন্ধা মিশ্র সহ আরও অনেক তরুণ ও প্রতিভাবান কৌতুক অভিনয়শিল্পী। তবে কয়েম মাস আগে দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা সুনীল গ্রোভারকে মদ্যপ অবস্থায় জুতা ছুড়ে মেরে বিতর্কিত হন কপিল। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠান ছেড়ে বেড়িয়ে আসেন সুনীল। সম্প্রতি ভুল বোঝাবোঝির অবশান ঘটিয়ে আবারও একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন তারা।

এ মুহূর্তে বলিউড সিনেমা ‘ফিরাঙ্গী’র প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে কপিল। রাজীব ধিংরা পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে ১ ডিসেম্বর।