২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক থিয়েটারের অভিষেকে ‘ছাড়পত্র’

নিজেদের প্রথম নাটকের বর্ণাঢ্য মঞ্চায়নের মধ্যে দিয়ে যাত্রা শুরু করছে নতুন নাট্যদল ‘বাংলাদেশ ব্যাংক থিয়েটার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 04:39 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

ব্যাংকের এক ঝাঁক কর্মকর্তার নিরলস পরিশ্রমে গড়ে ওঠা এই নাট্যদলের প্রথম প্রযোজনা ‘ছাড়পত্র’ মঞ্চস্থ হবে আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর)। এখন চলছে নাটক মঞ্চায়নের শেষ মুহূর্তের প্রস্তুতি।   

বাংলাদেশ ব্যাংক থিয়েটারের পথচলার সূচনায় প্রধান অতিথি থাকবেন গভর্নর ফজলে কবির। উদ্বোধনী আয়োজনে সঙ্গী হবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ পথ নাটক পরিষদের নেতারাও।

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা টুটুল চৌধুরীর নেতৃত্বেই গড়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক থিয়েটার। অভিনেতা পরিচয়ের বাইরে টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবেও কর্মরত।

Image
অভিনেতা-নাট্যকার টুটুল চৌধুরীর হাতেই প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক থিয়েটার

অভিনেতা-নাট্যকার টুটুল চৌধুরীর হাতেই প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক থিয়েটার

নিজেদের প্রথম প্রযোজনা ‘ছাড়্পত্র’ রচনার পাশাপাশি নির্দেশনায়ও রয়েছেন টুটুল চৌধুরী।

‘ছাড়পত্র’ নিয়ে তিনি বলেন, “সংলাপ ও অভিনয়নির্ভর এই নাটকের উপস্থাপন শৈলী অনেকটা পুরোনো। আবহ সঙ্গীত, আলোক সম্পাত, সেটের ব্যবহারও হবে সেকেল। দর্শকরা একটি হারানো দিনের গান উপভোগ করার স্বাদও পাবে। আশা করছি, নাটকটি নিয়মিতভাবে মঞ্চায়ন হলে দর্শকনন্দিত হবে”

বাংলাদেশ ব্যাংকের টানা ছয়বারের নাট্য সম্পাদক অভিনেতা-নাট্যকার টুটুল চৌধুরীর নির্দশনাতেই এর আগে মঞ্চস্থ হয়েছিল জনপ্রিয় নাটক ‘মেরাজ ফকিরের মা’।