২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ডিসেম্বর আসছে ‘আঁখি ও তার বন্ধুরা’

মুক্তি পাচ্ছে কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 06:23 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

‘দীপু নাম্বার টু’খ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম নির্মাণ করলেন তার নতুন শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। আসছে ২২ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

নির্মাতা জানান, সম্প্রতি চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, “ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী, অনেকদিন পর ছোটদের জন্য খুব আকর্ষণীয় একটি ছবি হবে বলে মনে করছি। মুহম্মদ জাফর ইকবালের গল্পটাও খুব চমৎকার। গল্পে খুব ভালো, সুন্দর একটা বার্তা আছে।

দৃষ্টিপ্রতিবন্ধীরাও কীভাবে সুযোগ পেলে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে-এই মেসেজটা আছে, পাশাপাশি অ্যাডভেঞ্চার আছে, যেটা বাচ্চারা খুব পছন্দ করবে। খুব জমজমাট একটা গল্প। যার ফলে ছবিটা সবাই খুব আনন্দ নিয়ে দেখবে বলে আমার ধারণা।”

ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘আঁখি এবং আমরা ক’জন’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।

এর আগেও লেখকের গল্পে কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম।

‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রটির নাম ভূমিকায় একজন অন্ধ কিশোরীর চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী জাহিন নাওয়ার হক ইশা।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছন সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।