২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জহির রায়হানের গল্পে বিটিভির নাটক

চলচ্চিত্রকার-উপন্যাসিক জহির রায়হানের ছোটগল্প ‘হারানো বলয়’ অবলম্বনে ‘হারানো অধ্যায়’ নামে একটি বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 06:14 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ।

মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সম্পর্কের সংকট, প্রাক্তন প্রেমের টানাপোড়েন, বিশ্ববিদ্যালয় জীবনের বিচিত্র অনুষঙ্গ, স্মৃতিময়তা, যাপিত জীবনের বিচিত্র দিক ফুটে উঠেছে নাটকে।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল এবং অপর্ণা ঘোষ।

নাটকে দেখা যাবে বহু বছর পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকার সাথে দেখা হয় আলমের। বিভিন্ন কারণে সে সম্পর্ক পূর্ণতা পায় না। অন্যদিকে, অনেক বছর পর প্রেমিকার সাথে দেখা হবার পর দু’জনের মাঝেই বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে।

দ্বিধা-দ্বন্দের দোলাচলে এগিয়ে যাওয়া একটি সম্পর্কের নানা সংকট নাটকে দেখা যাবে।

নাটকের বিভিন্ন দৃশ্যের চিত্রায়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নাটকটির চিত্রনাট্যকার রাব্বী আহমেদ এ প্রসঙ্গে বলেন, “বিভিন্ন নির্মাণ এবং বিনির্মাণের ভেতরেই মানুষের সম্পর্ক এগিয়ে চলে। অভাব এবং দারিদ্র্য সম্পর্কের সংকট হয়ে দাঁড়ায় কখনও কখনও।

সময়ের পরিক্রমে প্রিয়জন প্রাক্তন হয় ঠিকই কিন্তু পুরনো অনুভূতিগুলো মানুষ মনের মাঝে লালন করে যত্নে। অনেকবছর পর দেখা হলে যা জাগ্রত হয়।

‘হারানো অধ্যায়’ তেমনই মননধর্মী একটি নাটক। যারা নাটকের মাঝে সংলাপ এবং জীবনের বিবিধ দর্শন খোঁজেন তাদের নাটকটি ভালো লাগবে।”

নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ২২ নভেম্বর। প্রযোজনা করেছেন এল রুমা আক্তার।