২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় শুরু হচ্ছে ‘তীর্যক নাট্যমেলা’

স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রামে নাট্য আন্দোলনের ধারায় অগ্রণী ভূমিকা পালন করা তীর্যক নাট্যদলের ৪৪ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘তীর্যক নাট্যমেলা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 02:27 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

তিন দিনের এই মেলায় তির্যক তাদের নিজস্ব প্রযোজনার ‘বিসর্জন’, ‘ইডিপাস’ ও ‘তরঙ্গভঙ্গ’ নাটক তিনটি মঞ্চস্থ করবে। এই মেলায় সম্মাননা জানানো হবে নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফকে।

বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে নাট্যমেলার বিভিন্ন দিক তুলে ধরে তীর্যক নাট্যদল।

দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার জানান, শুক্রবার সন্ধ্যা ৬টায় এই নাট্যমেলার উদ্বোধন করবেন নাট্যজন আলী যাকের। একই আসরে নাট্যাঙ্গনে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে প্রদান করা হবে ‘তির্যক সম্মাননা’।

উৎসব ভেন্যু শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরে লবিতে থাকছে নাট্য স্মারক প্রদর্শনী। উদ্বোধনীর আসরের আগে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

উদ্বোধনী আসরে শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

কত্থন ও সম্মাননা প্রদান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান প্রদান’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ।

এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক সক্রেটিসের গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’।

রোববার বিকাল সাড়ে ৫টায় সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।  এদিন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারকে সম্মাননা জানাবে তীর্যক।

এদিন দলটি পরিবেশন করবে সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘তরঙ্গভঙ্গ’।

নাটক মঞ্চায়নের পাশাপাশি শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সংগীত, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয় ও চট্টগ্রামের লোকগান। মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে নাটক বিষয়ক সেমিনার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী উপস্থিত ছিলেন।

৪৪ বছরে তীর্যক

প্রতিষ্ঠার ৪৪ বছরে দলটি এ পর্যন্ত ৪৪টি নাটক প্রযোজনা করেছে, এগুলোর প্রদর্শনীর সংখ্যা ২৬১৫টি।

তির্যক নাট্যদলের এসব প্রযোজনার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ-নজরুল-মাইকেল মধুসূদন দত্ত, শেকসপিয়র, বার্টোল্ড ব্রেখট, ওলে সোয়েঙ্কা, জে এম সিঞ্জে, জিয়া হায়দার, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহদের নাটক।

এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাটক ‘বিসর্জন’ এর দ্বিশততম প্রদর্শনী অতিক্রম করেছে। এছাড়া রবীন্দ্রনাথের রক্তকরবী, রথযাত্রা, সফোক্লিসের ‘ইডিপাস’, বার্টোল্ড ব্রেখটের ‘সমাধান’, মধুসূদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকগুলোর শততম প্রদর্শনী হয়ে গেছে।

এই নাটকগুলোর কয়েকটি আবার ভারতের বিভিন্ন নাট্যোৎসবেও মঞ্চস্থ করেছে এসেছে তির্যক।