২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথা আর সুরে মুগ্ধতা ছড়িয়ে শেষ হল ফোক ফেস্ট

মৃত্তিকালগ্ন দেশজ গানের সুরে জাত-পাতের ভেদাভেদ ভুলে ঐক্য, প্রীতি স্থাপন আর অসুর তাড়ানোর প্রত্যয়ে শেষ হলো তিন দিনের আন্তর্জাতিক লোক সংগীত উৎসব (ফোক ফেস্ট)।

জয়ন্ত সাহা

ও রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 12:04 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

বাংলা গানের চার লোকসংগীত শিল্পীর পাশাপাশি ইরান ও মালির ঐতিহ্যবাহী সুরের মূর্ছনা ছিল উৎসবের শেষ দিন। শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হয়ে উৎসব শেষ হয় রাত দেড়টায়।

এদিন সন্ধ্যা থেকেই উৎসবে ঢল নামে সঙ্গীতপ্রেমীদের। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন অনেকে। 

শেষ দিনে প্রথম পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হন বাংলাদেশের প্রখ্যাত দুই লোকশিল্পী শাহ আলম সরকার ও আলেয়া বেগম।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালা গান পরিবেশনায় শুরু হয় তৃতীয় দিনের আসর। শাহ আলম সরকার ও আলেয়া বেগম শুরু করেন মারফতি ও শরীয়তি গানের লড়াই। ধর্ম দেশনার পাশাপাশি দেহতত্ত্ব, সংসারধর্মে বিরাগ, বৈষয়িক অনুরাগ নিয়ে টানা ৪০ মিনিটের পরিবেশনায় তারা মাতিয়ে তোলেন আসর। পরিবেশনায় ঢাক, ঢোল, বাঁশিসহ লোকজ বাদ্যযন্ত্রে তাদের গানের বিতর্কে পরিবেশিত হয় পালাগানের ঐতিহ্য।

কুষ্টিয়ার পশ্চিম আফদালপুর থেকে উঠে আসা হলিউড ফোক অ্যাওয়ার্ড বিজয়ী বাংলাদেশের শাহনাজ বেলী আসেন এরপর। লালনের গান তো তিনি গাইলেন, তারপর একে একে শোনান হাছন রাজা, বাউল সাধক শাহ আবদুল করিমের গান।

লালনের দেশের মেয়ে শুরুতেই গান লালনের ‘চাতক যেমন মেঘের জল বিনে, আসায় আসায় বসে থাকে মেঘ দিয়ানে’, শেষও করেন লালনের গান ‘প্রেম রসিয়া হবো কেমনে’ দিয়ে।

মাঝে তিনি শোনান ‘আইলা না আইলা না রে বন্ধু, ‘তুমি যাইয়ো না যাইয়ো না বন্ধুরে, দুখিনীরে কান্দাইয়া’, হাছন রাজার গান ‘আগুন লাগাইয়া দিল বনে/হাছন রাজার মনে’, শাহ আবদুল করিমের গান ‘কোন মিস্তরি নাও বানাইছে’।  এরপরের পরিবেশনা ছিল মাইজভান্ডারী গান ‘গাউছুল আজম বাবা নূরে আলম’।

তার পরিবেশনার পরেই ছিল উৎসবের সমাপনী পর্ব। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, লোকসংগীত শিল্পী নাশিদ কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন ফোক ফেস্টের আয়োজক সান কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

আসাদুজ্জামান নূর বলেন, “আজকে একইসাথে আনন্দ ও শোকের দিন। আনন্দ হচ্ছে, আমরা অসাধারণ তিনটি দিন কাটিয়েছি। শোক এজন্য যে আজ তা শেষ হয়ে যাচ্ছে।”

প্রত্যন্ত এলাকার নিরক্ষর মানুষের প্রাত্যহিক দিনযাপনের লোকজ গানগুলো নিয়ে বাংলাদেশ বারবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

নূর বলেন, “গান শুনতে হবে, গান শোনার বিষয় আছে। সুরের যা আবেদন, তা সার্বজনীন। লোক গানের ভেতরে যে কথা রয়েছে, তা মনের গভীরে গিয়ে আঘাত করে। গ্রামের নিরক্ষর মানুষ কী যে অসাধারণ গান সৃষ্টি করছে, যা আমাদের ভীষণ গর্বের।  এই গানগুলো নিয়ে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াই বারবার।”

ফোক ফেস্টের আসরের তিন দিনই এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রবিউল আলম।

তিনি বলেন, “আমি নিজে লোক সংগীতের বড় ভক্ত, সারা বছর অপেক্ষা করে থাকি ফোক ফেস্টের জন্য। দেশি লোক সংগীতের পাশাপাশি বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পীদের গান শোনার সুযোগ মিলছে এখানে, যা সত্যি প্রশংসনীয়।”

লোকসংগীতের আসরে সদলবলে যোগ দিয়েছিলেন বাংলাদেশে কর্মরত নানা দেশের কর্মকর্তারা। তাদের একজন নেদারল্যান্ডসের চেলসি বন্ধুদের সঙ্গে  এসেছিলেন।

তিনি বলেন, “সব দেশের গানেরই একটি সার্বজনীন ভাষা আছে, সেই ভাষা কাউকে শিখে নিতে হয় না। আয়োজনের সব পরিবেশনাই আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে, তবে সবচেয়ে ভালো লেগেছে ভারতের নুরান সিস্টার্সের পরিবেশনা।”

কলকাতা থেকে শুধু লোক সংগীত উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন সমীর গাংগুলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হারাতে চাইনি বলে চলে এসেছি বাংলাদেশে। এ দেশের বাউল সংগীত আমায় ভীষণ টানে।”

সমাপনীর আনুষ্ঠানিক পর্বটি শেষে মঞ্চে গান গাইতে চলে আসেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার। অ্যাকুস্টিক গিটারে তিনি গেয়ে শোনান তিনটি কান্ট্রি মিউজিক।

গান শোনাতে শোনাতে তিনি বলেন, “ঢাকায় যখন ফোক মিউজিকের আসর বসেছে, তখন সবকিছুই সংগীতময় মনে হচ্ছে। এখানে গান শোনানোর লোভ সামলানো দায়। আসরের তালিকায় আমার নামটি না থাকলেও আয়োজকরা আমাকে এখানে গাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি সত্যি ধন্য।”

এরপর মঞ্চে আসে ইরানের ফোক-রক ব্যান্ড ‘রাস্তাক’। পারস্যের লোকজ সংগীতের ফিউশনে তারা বেশকটি গান পরিবেশন করেন।

সরনে-ই-নওরোজ অ্যালবামের দুটি গানের পরিবেশনা ছিল শুরুতে। তারা গেয়ে শোনান ‘হেলি মালি’ ও টাইটেল ট্র্যাক ‘সরনে রে’ গানগুলো। ম্যান্ডোলিন, অ্যাকুস্টিক গিটার, পারকাশনের সঙ্গে স্ব-উদ্ভাবিত বাঁশি, সারেঙ্গির পরিবেশনা ছিল তাদের গানের সঙ্গে।

পরে তাদের হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পরিবেশনায় যখন চারপাশে মুগ্ধতার আবেশ, তখনই মঞ্চে আসেন বাসুদেব দাস বাউল। পশ্চিমবঙ্গের এ শিল্পী বাউল এবং ঝুমুর গানের দারুণ সম্ভার নিয়ে হাজির হন লোকগানের এ উৎসবে।

শান্তিনিকেতনের এই শিল্পী মঞ্চে এলেই প্রথমে বাঁশি-তবলা-খমক-দোতারার ধুনে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ।’ পরে বাসুদেব বাউল শোনান  দ্বিজ ভূষণের বৈষ্ণব কীর্তন ‘ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না’, পরে শোনান ‘ভবের মাঝারে’। বাউল গান পর্বে তিনি শোনান ‘একবার চলো না আপন অন্তরে’, ‘যদি রস খাবিরে মনের কালা’ । পরে তিনি শোনান অসমিয়া গান ‘চল মিনি আসাম যাবো’, শোনান সাঁওতালি গান ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা’।

এসব গান গেয়েই মঞ্চ ছাড়ার কথা ছিল তার। কিন্তু পুরো স্টেডিয়ামে শোর উঠল, ‘আরও গান গাইতে হবে।’ পরে ভক্তদের অনুরোধে বাসুদেব বাউল শোনান ‘গোলেমালে গোলেমালে পিরিত কইরো না’।

এবারের আয়োজনের সর্বশেষ পরিবেশনায় ভেসে আসে সাহারা মালভূমির সুর। পরিবেশনায় আফ্রিকার দেশ মালির লোকগানের দল তিনারিওয়েন।

সংগীত পরিবেশনার ফাঁকে জানা গেল এই দল গঠনের ইতিহাস। দলটির প্রধান ইব্রাহিম আগ আলহাবিব জানান, বোহেমিয়ান এক  গিটার বাদককে দেখে সংগীতে ঝুঁকে পড়েন তিনি। শুরু করেন স্থানীয় লোকসংগীত ও আরবের আধুনিক পপ ঘরানার গান গাওয়া। ১৯৭৯ সালে আলজেরিয়ার তামানরাসেটে তার হাত ধরেই যাত্রা শুরু হয় তিনারিওয়েনের। ২০১২ সালে ‘বেস্ট ওয়ার্ল্ড মিউজিক’ বিভাগে তিনারিওয়েন জয় করে নেয় সঙ্গীতের সব থেকে সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’।

লোকসংগীত ছাড়াও ব্লুজ, রকের সঙ্গে সমসাময়িক গানের সুরের মিশ্রণে নিজেদের পরিবেশনা সাজায় দলটি।

তিনারিওয়েনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের তৃতীয় আসর। মেরিল নিবেদিত এ উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকা ব্যাংক লিমিটেড।