ক্যানভাসে বাংলার রূপবৈচিত্র্য
তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজের ক্যানভাসে উঠে আসা বাংলার রূপবৈচিত্র্যের চিত্র নিয়ে ধানমন্ডির গ্যালারি টুয়েন্টি ওয়ানে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী।
শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী গৌতম চক্রবর্তী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন শনিবার ‘রূপবৈচিত্র্যে বাংলাদেশ’ শিরোনামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে মোট ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। যার মধ্যে ড্রইং ১১ টি, পেন স্কেচ আটটি, জলরংয়ের ২৩টি, এক্রেলিক ছয়টি ও তেল রংয়ের দুটি ছবি রয়েছে।
সোহাগের ছবিতে উঠে এসেছে বাংলাদেশের পূর্ব-পশ্চিম ও উওর-দক্ষিণের প্রাকৃতিক বৈচিত্র্যের গল্প। সোহাগ এঁকেছেন পাহাড়, নদী, হাওর-বাওরের সৌন্দর্য।পাল তোলা নৌকা, মাঠে ব্যস্ত কৃষক, কৃষাণির পাশাপাশি তিনি এঁকেছেন বিভিন্ন জাতিসত্তার দিনযাপনের গল্প।
এ চিত্র প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পকলায় উত্তরায়ণের গীতি আলেখ্য ‘আমাদের রবীন্দ্রনাথ’
সংগীত সংগঠন ‘উত্তরায়ণের’ সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘আমাদের রবীন্দ্র্রনাথ’ শীর্ষক গীতি আলেখ্য।
‘উত্তরায়ণ’র পরিচালক লিলি ইসলামের কণ্ঠে ‘স্বার্থক জনম আমার’ গানটি পরিবেশনার সঙ্গে ছয় জনের একটি দল লাল-সবুজের বিশাল আকারের পতাকা বহন করে মঞ্চে আনার মধ্য দিয়েই এই আয়োজনের সূচনা ঘটে।
এর আগে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ ছিলেন আমাদের যুদ্ধের প্রধান সেনাপতি। আর এ যুদ্ধের অভিজ্ঞতা উপলব্ধি করতে হলে বাংলাদেশে জন্মগ্রহণ করতে হবে। উত্তরায়ণ যে কাজটি করছে সেটি আরও বেশি বেশি করা উচিত। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সুখে, দুঃখে, যুদ্ধে সব সময় বড় ভরসার জায়গা”
উত্তরায়ণের পরিচালক-কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, “এটি উত্তরায়ণের সপ্তম আয়োজন। এই আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের শিক্ষা, সংস্কৃতি এ প্রজন্মের মাঝে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।”
এরপর শুরু হয় লিলি ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ গীতি আলেখ্য ‘আমাদের রবীন্দ্রনাথ’।
‘আনন্দেরই সাগর হতে’, ‘ভেঙেছ দুয়ার’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘বিশ্বসাথে যোগে’, ‘ও আমার দেশের মাটি’, ‘আজ ধানের ক্ষেতে’, ‘খাচার পাখি ছিল’, ‘পূর্বাচলের পানে তাকাই’, ‘বধূ মিছে রাগ করো না’, ‘আমরা চাষ করি আনন্দে’, ‘বাংলার মাটি বাংলার জল’, ‘তোমার হাতের রাখি’, ‘হিংসায় উন্মত্ত পৃথ্বি’, ‘বহে নিরন্তর অনন্ত’, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদি’, ‘আমার মুক্তি আলোয়’, ‘আমি ভয় করব না’, ‘মরণ সাগর পাড়ে’, ‘সন্ত্রাসের বিহ্বলতা’, ‘এই কথাটি ধরে রাখিস’, ‘তোমার এ খেলা ঘরে’, ‘আমি কোথায় পাবো তারে’- এমন সব গান পরিবেশিত হয়।
এই গীতি আলেখ্যে সঙ্গীত পরিবেশন করেন ইশরাত জাহান বিথি, নাহিদ পারভীন, রতন মজুমদার, টিংকু কুমার শীল, মৌমিতা পাল, সাইফুল ইসলাম, অভিজিৎ দে, নুসরাত জাহান সাথী, শিমু দে।
