২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপূর্বকে নিয়ে মিনারের ‘এখন’

হালের জনপ্রিয় সংগীতশিল্পী মিনারের নতুন গানের মডেল হলেন অভিনেতা অপূর্ব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:45 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

গেলো ঈদ উল আযহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যনারে প্রকাশিত হয় মিনারের ইপি অ্যালবাম ‘আমি তো এমনই’। সে অ্যালবামের ‘এখন’ গানটিতে শ্রোতাদের সাড়া পেয়েছেন মিনার। তাই এবার গানটিকে নিয়ে আসছেন মিউজিক ভিডিওতে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। জনপ্রিয় অভিনেতা অপূর্ব হয়েছেন মিনারের এই গানের মডেল। ১০নভেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে।

মিউজিক ভিডিওতে খুব বেশি দেখা যায়নি অপূর্বকে। তবে মিনারের গানটির প্রতি ভালোলাগা থেকেই গানটির মডেল হয়েছেন বলে জানান তিনি। গ্লিটজকে অপূর্ব বলেন, “গান পছন্দ হলে তবেই মিউজিক ভিডিওতে অভিনয় করি। এই গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। তাছাড়া এখন যারা গান করছে তাদের মধ্যে মিনারের গান আমার অনেক ভালো লাগে। পরিচালক হিমিও কাছের ছোট ভাই। কাজটি ও খুব যত্ন নিয়েই করেছে। আশা করছি সবার ভালো লাগবে।”

এ প্রসঙ্গে মিনার বলেন, “অপূর্ব ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। আমার গানের মিউজিক ভিডিওতে তার উপস্থিতি নিঃসন্দেহে শ্রোতা-দর্শকদের ভালোলাগায় নতুন মাত্রা যোগ করবে। তাছাড়া অডিওতেই এই গানের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবো।”

স্নেহাশীষ ঘোষের কথায় ‘এখন’ শিরোনামের এই গানটির সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। শিগগিরই ইউটিউবে প্রকাশিত হবে গানটি।