ভারতের দুই চলচ্চিত্র উৎসবে সরব বাংলাদেশ
১১ নভেম্বর ভারতে শুরু হয়েছে দুটি উৎসব। দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভালের পাশাপাশি কলকাতায় শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দুই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র।
দেশের মাটিতে বহুল আলোচিত-সমালোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর উৎসবযাত্রা এখনও থামেনি। বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হতে যাচ্ছে ১১তম দিল্লি ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালে। ১২ই নভেম্বর উৎসবে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
এ প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, উৎসবে এশিয়ান ছবির ক্যাটাগরিতে প্রদর্শন হবে ৮৫ মিনিট ব্যাপ্তির ‘ডুব’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, পার্নো মিত্র ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ। ২৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
৫৩টি দেশের ১৪৩টি ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুত্রবার জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব। এতে জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন।
এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের নির্মাতা আবু সাইয়ীদ নির্মিত ‘একজন কবির মৃত্যু’ চলচ্চিত্রটি । ‘ইনোভেটিভ ইমেজেস ইন সিনেমা’ নামে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে এটি। ভারত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩টি দেশের ১৪টি ছবি দেখানো হবে এ বিভাগে। এতে নির্বাচিত সেরা ছবির জন্য দেওয়া হবে ৫১ লাখ রুপি।
