শেকড়সন্ধানী গানে মাতোয়ারা ফোক ফেস্টের আসর
বাংলার ভাটিয়ালি, জারি সারি, মুর্শিদি, মারফতি-আবহমান বাংলার শেকড়সন্ধানী গানে মেতেছে আন্তর্জাতিক লোকসংগীতের দ্বিতীয় দিনের আসর।
বাংলার লোকগানের পাশাপাশি ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী লোকগানের পরিবেশনায় সাজানো হয় শুক্রবারের আয়োজন।
দ্বিতীয় দিনের আসরে বাংলাদেশের হয়ে পারফর্ম করেন বাউলা ব্যান্ড, লোকসংগীত শিল্পী আরিফ দেওয়ান ও শাহজাহান মুন্সী। এ দিন পরিবেশনায় ছিল নেপালের কুটুম্বা ব্যান্ড, পাকিস্তানের ব্যান্ড মিকাল হাসান ও সবশেষে মঞ্চ মাতায় ভারতের নুরান সিস্টার্স।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সন্ধ্যা গড়াতেই আর্মি স্টেডিয়াম ভরে ওঠে দর্শকে। বিকাল ৪টায় স্টেডিয়ামের প্রবেশ পথ খুলে দিতেই শুরু হয় লোকগানের সুরপিপাসুদের ভিড়, যে ভিড় ছিল রাত ১০টায় প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। অনুষ্ঠানে ঢুকতে না পেরে ফিরে যান অনেকে।
বাউলার পরিবেশনা শেষ হতেই মঞ্চে আসেন বাংলাদেশের আরেক শিল্পী আরিফ দেওয়ান। পাঁচশ তাধিক লোকগানের রচয়িতা এ শিল্পীর প্রথম পরিবেশনা দেহতত্ত্ব নিয়ে এক ভজন, গানটি তার নিজের লেখা। পরে তিনি পরিবেশন করেন তার লেখা মারফতি গান ‘ঘুড্ডি কে বানাইলো রে’, ‘যার কপালে যা লেইখাছে রে’, পরে শোনান ‘হায় পিরীতি বুঝলো না রীতি’। শেষে শোনান ভক্তিমূলক ‘শত জনমের বিরহগাঁথা’।
এরপর পরিবেশনা নিয়ে মঞ্চে আসে নেপালের যন্ত্রসংগীতের দল ‘কুটুম্বা’। নেপালের ৫৪টি জাতিসত্তার গানকে নেপালের লোকজ বাদ্যযন্ত্রে তারা পৌঁছে দেন বিশ্বের নানা প্রান্তে।
ছয় সদস্যের যন্ত্র সংগীতের দলটি মঞ্চে নিয়ে আসে বাঁশের বাঁশি, সারেঙ্গী, মাদল, টুঙ্গা, ঢোল, ঝামটা, আরবাজো, ভুসায়া, চাল, চাবরাঙ এবং চাসায়া-নেপালের লোকজ বাদ্যযন্ত্র।
বাদ্যযন্ত্রের ধুনে দলটি নেপালের নানা ভাষার সংগীত পরিব্শেন করে। ভয়াবহ এক ভূমিকম্পের আবারো ঘুরে দাঁড়ানো নেপালের নানা পরিবর্তনের কথা শোনায় তারা। সুরে সুরে তারা বলে তারুণ্যের জয়যাত্রার কথা।
গানের মাঝে দল প্রধান পাভিত মহারাজন বলেন, “সুরের টানে ছুটে আসা এই তরুণদের দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এদের মাধ্যমে সত্যিই পরিবর্তন আসবে এ বাংলাদেশে। আমরা বিশ্বের নানা প্রান্তে গিয়েছি, কিন্তু এত তরুণ একসঙ্গে বসে গান শুনছে, এটা ভাবতেই অবাক লাগছে। আবারো আসতে চাই এই ঢাকায়।
তাদের পাকিস্তানের সুফি-রক ব্যান্ড দল মিকাল হাসান ব্যান্ডের পরিবেশনার শুরুতে দলের ভোকাল শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় শোনান ‘কিনারে কিনারে’ গানটি। এরপর তারা পরিবেশন করে সুফিয়ানা কাফি ‘চল বুলিয়া’, পাকিস্তানি কালাম ‘মিলান্দার আশিকি’, ‘সাজান’, ‘সায়ান’ গানগুলো। শেষে শোনায় ‘দয়াল বন্ধু’ গানটি।
মিকাল হাসানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশের শিল্পী আরমিন মুসা ও তার ব্যান্ড দল ঘাসফড়িং।
নেপাল আর পাকিস্তানের শিল্পীদের পরিবেশনা শেষে আবারো মঞ্চে বাংলাদেশি শিল্পী। দৃষ্টিহীন শিল্পী শাহজাহান মুন্সীর পরিবেশনায় মাতোয়ারা হয়ে উঠে পুরো স্টেডিয়াম। মাত্র ১৪ বছর বয়সে দৃষ্টিশক্তি হারানোর পর পুরোপুরি গানের ভুবনে মনযোগ দেন তিনি। মানিকগঞ্জের বিখ্যাত বাউল গুরুদের সঙ্গে ঘুরে বাউল গানে দীক্ষা নেন, শেখেন দোতারা বাদন। ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতে নিয়মিত অনুষ্ঠান করে বেড়ান শাহজাহান।
সবশেষ আর্কষণ হিসেবে ছিল ভারতের পাঞ্জাবের ছোট্ট শহর জালানধরের নুরান সিস্টার্স, জ্যোতি নুরান ও সুলতানা নুরান। ওস্তাদ গুলশান মীরের দুই মেয়ে গতবারই এ উৎসব মঞ্চে জয় করে নিয়েছিলেন দর্শক-শ্রোতাদের মন।
শনিবার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। শেষ রাতেও থাকছে দারুণ সব পরিবেশনা। সন্ধ্যা ৬টায় শুরুতেই বাংলাদেশের প্রখ্যাত তিন লোক গানের শিল্পী শাহ আলম সরকার ও আলেয়া বেগম ও শাহনাজ বেলীর পরিবেশনা। রাতের বাকি তিন আয়োজনে থাকবেন বিশ্বের তিন প্রান্তের শিল্পীরা।
মধ্যপ্রাচ্যের ইরানের লোকগানের দল রাস্তাক’র পরিবেশনা শেষে মঞ্চে আসবেন ভারতের শান্তিনিকেতনের শিল্পী বাসুদেব দাস বাউল। এবারের আয়োজন সর্বশেষ পরিবেশনা আফ্রিকার দেশ মালির তিনারিওয়েনের।
