মুক্তি পেলো বিপাশার ‘খাস জমিন’
শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সরোয়ার হোসেন পরিচালিত গ্রামীন প্রেক্ষাপটের ছবি ‘খাস জমিন’।
আইটেম গার্ল হিসেবে খ্যাতি পাওয়া লাক্স সুপারস্টার বিপাশা কবির গতিপথ পাল্টে এখন নায়িকা। শুক্রবার মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে তার তৃতীয় ছবি ‘খাস জমিন’।
গ্রামীন প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সারাদেশের চল্লিশটি সিনেমা হলে। সারোয়ার হোসেন পরিচালিত মৌলিক গল্পের চলচ্চিত্রটিতে বিপাশার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক সায়মন সাদিক। দুটি বিশেষ চরিত্রে দেখা মিলবে খ্যাতিমান নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন ও কাজী হায়াৎকেও।
শতাধিক আইটেম গানের জনপ্রিয় গ্ল্যামারগার্ল বিপাশা কবির এখন আর আইটেমে নিয়মিত নন, কারণ আইটেমের নামে অশ্লীলতা ও কম বাজেট। নায়িকা হিসেবেই এখন প্রতিষ্ঠিত হতে চাইছেন। ‘খাস জমিন’ তাকে সে পথে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন তিনি।
এদিকে, ছবি মুক্তির প্রচারণায় ব্যস্ত সময় পার করে বিপাশা আসছে ১২ তারিখ উড়াল দিচ্ছেন সিঙ্গাপুর। তার আগেই যাবেন হলে। দর্শকদের সঙ্গে বসে দেখবেন ‘খাস জমিন’। বিপাশা বলেন, “ছবির প্রচারণায় আমার যতটুকু সাধ্য করেছি, কিন্তু আমাদের তো সিনেমার জন্য আলাদা করে কোনো টিভি চ্যানেল নেই। ছবির গান ট্রেইলার নিয়মিত দেখাবে এমন একটা চ্যানেল থাকলে প্রচারণায় খুব হেল্প হতো। ‘খাস জমিন’ দর্শকদের বিনোদিত করবে এমন প্রত্যাশা করছি।”
২০১৬ সালে নায়িকা হিসেবে বিপাশার প্রথম অভিনীত চলচ্চিত্র ‘গুণ্ডামী’ মুক্তি পায়। দ্বিতীয় ছবি ‘আড়াল’ মুক্তি পায় একই বছরের ৫ অগাস্ট। নায়িকা হিসেবে পর্দা ভাগাভাগি করে আরও বেশকিছু ছবি করলেও একক নায়িকা হিসেবে ‘খাস জমিন’কে নিজের তৃতীয় ছবি হিসেবে উল্লেখ করতে চান বিপাশা।
