হুমায়ূনের ‘নৃপতি’ ফের মঞ্চে
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দনিক নাট্য সম্প্রদায় মঞ্চে আনছে নাটক ‘নৃপতি’।
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’ মঞ্চে আসছে। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তাঁর নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মক এ সৃষ্টি মঞ্চায়িত হতে যাচ্ছে নান্দনিক নাট্যসম্প্রদায়ের প্রযোজনায়।
আগামী ১৩ নভেম্বর লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে নাটকটির পুনঃমঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নব্বই দশকের শুরুতে নাটকটি মঞ্চে প্রথম উপস্থাপন করে নান্দনিক নাট্যসম্প্রদায়। ‘নৃপতি’র প্রথম নির্দেশক ছিলেন সালেক খান। বর্তমানে নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।
নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা বলেন, “প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা।”
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাটকটির মঞ্চায়ন উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এমপি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, হুমায়ূন আহমেদের ভাই লেখক আহসান হাবিব ও স্ত্রী মেহের আফরোজ শাওন ।
আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে ‘নৃপতি’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।
