না ফেরার দেশে অভিনেত্রী-প্রযোজক মালতী দে
রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেন অভিনেত্রী-প্রযোজক মালতী দেন।
বৃহস্পতিবার রাতে গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন তার পুত্র ও নির্মাতা উত্তম আকাশ।
তিনি বলেন, “মা’র লাশ হাসপাতাল থেকে ওয়ারলেসের বাসায় নেওয়া হচ্ছে। ঘণ্টা দেড়েক পর খিলগাঁও শ্মশানে নেওয়া হবে। আজ রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।”
মৃত্যুকালে মালতী দে’র বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ের জননী।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শুক্রবার (৩ নভেম্বর) থেকে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। নিউরোলজিস্ট কনক বড়ুয়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিক জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
এর আগে বারডেমেও কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
অভিনয়, গান ও চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন মালতী দে। কাজ করেছেন খ্যাতিমান নির্মাতা জহির রায়হান, খান আতাউর রহমান প্রমুখের সঙ্গে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘ঘাত-প্রতিঘাত’, ‘সংঘাত’, ‘আখেরি হামলা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
