ঋত্বিক ঘটকের রাজশাহীতে শেষ হলো চলচ্চিত্রের উৎসব
চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা ও গুণীজন সম্মাননায় দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের অংশগ্রহণে স্মরণ করা হলো বাংলা চলচ্চিত্রের চিরস্মরণীয় নির্মাতা ঋত্বিক ঘটককে। ৪ নভেম্বর এ নির্মাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসব সমাপ্ত হলো মঙ্গলবার (৭ নভেম্বর)।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর আয়োজনে চারদিনব্যাপী চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেলেন- ভিকে জোসেফ, আসাদুজ্জামান নূর, ব্রাত্য বসু, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রামানিক ও জয়া আহসান।
উৎসবে, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী মহানগরীর লালন মঞ্চ পদ্মা পাড়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিবলী নোমানের চলচ্চিত্র ‘ত্রি’, তাওকীর ইসলামের চলচ্চিত্র ‘আয়না’ ও শাহরিয়ার চয়নের ‘গন্তব্যহীন’, মাহমুদ হোসেন মাসুদের ‘আলোর দেখা’, শাহরিয়া হাসান শুভর ‘বিবেক’, নাহিদা সুলতানা সূচির ‘ঘুড়ি’ ও বিভাস রায়ের ‘মায়োসিস’ ও আহসান কবীর লিটনের ‘প্রত্যাবর্তন’ চলচিত্রটি উৎসবে প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের জন্মভিটা রাজশাহীতে ব্রাত্য বসু ও জয়া আহসানের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের অনুপস্থিতিতে তার হয়ে পদক গ্রহন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান।
পদক প্রাপ্তির পর ব্রাত্য বসু বলেন, “একজন সংস্কৃতিকর্মী হিসেবে দেশের বাইরে আন্তর্জাতিক ভাবে প্রথম পুরস্কার পেয়েছি তাতে অত্যন্ত গর্বিত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এ ধরনের পুরস্কার সামনের দিনে যে অবসাদ, বিষণ্নতা এবং উৎসাহ- এ সব মিলিয়ে এমন কোনো রসায়নে পৌঁছে দেবে যার জন্য আরও একদিন, আরও একবার, আরও এক মুহূর্তের জন্য আরও একটি কাজ করার উৎসাহ দেবে।”
ঋত্বিক সম্মাননা পদক প্রদান শেষে ঋত্বিক কুমার ঘটকে নিয়ে অধ্যাপক ফজলুল হক এর লেখা “এক বিরলপ্রজ প্রতিভার নাম” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথাসহিত্যিক হাসান আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্রাত্য নিজেকে ছোটবেলা থেকে সংস্কৃতিকর্মে নিজেকে যুক্ত রেখেছে সেটা এখন ফলে-ফুলে একটা বিশাল বৃক্ষ হয়ে উঠেছে। তার ছবি আমি দেখিনি কিন্তু তার নাটক কয়েকটি দেখেছি আমি। সেই ব্রাত্য আজ এসেছে। এটা আমাদের সৌভাগ্য যে তাকে আমারা একটা পদক উপহার দিতে পারছি। ”
জয়া আহসান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই যে এত অল্প বয়সে আসাধারণ প্রতিভার অধিকারী এটা আমি কল্পনাও করতে পারিনি।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা.এফ.এম.এ জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন, সাবেক হাই কমিশনার, যুক্তরাজ্য, সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা ড. সাইদুর রহমান খান, সহকারী ভারতীয় হাইকমিশনার, রাজশাহী, অভিজিৎ চট্টোপাধ্যায়, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য প্রেমেন্দ্র মজুমদার, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
পরে তারা ঋত্বিক চলচ্চিত্র প্রদর্শনী দেখতে রাজশাহী মহানগরীর লালন মঞ্চ পদ্মা পাড়ে যান।
এর আগে, ৪ নভেম্বর উদ্বোধনী আয়োজনে ভিকে জোসেফ, অধ্যাপক ফজলুল হক ও অধ্যাপক রুহুল আমিন প্রামানিকের হাতে ঋত্বিক ঘটক সম্মাননা পদক তুলে দেওয়া হয়। গত বছর ঋত্বিক ঘটক এর ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুই বাংলার পাঁচ চলচ্চিত্রকার ও গবেষককে ঋত্বিক ঘটক সম্মাননা পদক দেয়া হয়। তারা হলেন,বুদ্ধদেব দাশগুপ্ত (ভারত), মোরশেদুল ইসলাম (বাংলাদেশ), চলচ্চিত্র গবেষক প্রেমেন্দ্র মজুমদার (ভারত), অনুপম হায়াৎ (বাংলাদেশ) ও আলোকসম্পাদক আবু তাহের (বাংলাদেশ)।
২০০৯ সাল থেকে এ পদক দিয়ে আসছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।
