২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বন্দ্ব ভুলে ঐক্যের আহ্বান শাকিবের

চলচ্চিত্রের উন্নয়নে এফডিসি কেন্দ্রিক গ্রুপিং বন্ধ করে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন চিত্রনায়ক শাকিব খান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 06:53 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন দ্বন্দ্বের সময় না। কী কী করলে চলচ্চিত্রের উন্নতি হবে সেটা সবাইকে দেখতে হবে।”

এফডিসি কেন্দ্রিক দলাদলির জের ধরে বেশ কিছু চলচ্চিত্রের শুটিং দেশের বাইরে চলে যাওয়ার অভিযোগ তুলে এ অভিনেতা বলেন, “শুধুমাত্র আমার সিনেমার শুটিং নয়, অনেকের সিনেমারই শুটিং দেশের বাইরে চলে যাচ্ছে। এটি কিন্তু দেশের টেকনিশিয়ান, আর্টিস্টদের জন্য  ক্ষতিকর। এখান থেকে মুক্তি পেতে সরকারকে উদ্যোগী হতে হবে।”

তবে কোনো বাধাই শিল্পকে দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

বললেন, “শিল্পী এবং শিল্পকে কোনো নিয়মকানুনের মধ্যে বাঁধা যায় না। জহির রায়হান ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রে শুধুমাত্র চাবির গোছা দিয়ে স্বাধীনতাকে বুঝিয়ে দিয়েছেন। ছবিটি কি থামাতে পেরেছে পাকিস্তানিরা? অনেক শিল্পীর গান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। শিল্পকে কখনোই বাধা দিয়ে আটকানো যায় না।

দু’একদিনের মধ্যেই দুটি সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে যাওয়ার কথা আছে তার। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় শুটিং করবেন দেশটির বিভিন্ন লোকেশনে। ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। এতে তার বিপরীতে থাকছেন সায়ন্তিকা ও নুসরাত জাহান।

১৩ নভেম্বর থেকে বাংলাদেশি চলচ্চিত্র ‘আমি নেতা হব’ ছবির দুই গানের শুটিংও করবেন তিনি। গ্লিটজের সঙ্গে আলাপকালে বলেছেন, “শুটিং শেষে ২০ নভেম্বর দেশে ফিরব। ছবি দুটি নিয়ে দারুণ আশাবাদী আমি।আশা করছি ভালো কিছু নিয়েই হাজির হচ্ছি আগামী বছর।”