‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ জেসিয়া
বুধবার রাতে চীনের এক হোটেলে মিস ওয়ার্ল্ডের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম।
তবে প্রতিযোগিতার ফল এখনও জানা যায়নি। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ প্রাপ্ত ফল থেকে খুঁজে নেওয়া হবে শীর্ষ ৪০ প্রতিযোগীকে। ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়েছে। জেসিয়া আছেন গ্রুপ সিক্সে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কানাডা, ইথিওপিয়া, বটসওয়ানা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীরা।
এর আগে ২৬ অক্টোবর চীনের শেনজেন শহরে আয়োজিত দাতব্য নিলাম অনুষ্ঠানে জেসিয়াকে স্বাগত জানান বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।
এবার প্রতিযোগীদের ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগে লড়তে হবে।
১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান।
