শিল্পকলায় হতে যাচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’
আদি ও মূল ধারার ইতিহাস থেকে নির্মিত সাতটি মঞ্চ নাটক নিয়ে শনিবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’।
ইউনিভার্সেল থিয়েটার আয়োজিত এ উৎসবের নাটকগুলোয় তুলে ধরা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট লালন, বিপ্লবী সূর্যসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও গৌতম বুদ্ধকে।
ঢাকার দল পালাকার, থিয়েটার, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি, লোকনাট্য দল, স্বাগতিক ইউনিভার্সেল থিয়েটার, আরণ্যক, পশ্চিমবঙ্গের নাট্যদল কল্যাণী নাট্য ভাবনা এসব নাটক মঞ্চস্থ করবে।
শনিবার বিকালে উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির সাংবাদিক কিশোর কুমার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরে ইউনিভার্সেল থিয়েটার।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিভার্সেল থিয়েটারের সভাপতি আজিজুল পারভেজ।
তিনি বলেন, “ব্যতিক্রমধর্মী এই নাট্যোৎসব আমাদের প্রকৃত নায়ক- মহানায়কদের চিনতে সহায়তা করবে। অবদান রাখবে মহামনীষীদের জীবনাদর্শ, অহিংসা, মানবতাবাদী চিন্তা, চেতনা, দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে।
“এ নাট্যোৎসব মুক্ত চিন্তা ও সমতার সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
উৎসবের উদ্বোধনী আসরে ঢাকার দল মঞ্চস্থ করবে সৈয়দ শামসুল হকের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’।
সপ্তাহব্যাপী নাট্যোৎসব ‘ইতিহাসের মহানায়কেরা’ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরছেন আয়োজকরা।
১০ নভেম্বর গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে নির্মিত 'শ্রমণ' নাটকটি মঞ্চস্থ করবে ভারতের কল্যাণী নাট্যভাবনা। নিরূপ মিত্রের পরিচালনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন তাপস চক্রবর্তী।
সমাপনী দিন শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘ইতিহাসের মহানায়কেরা’ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করবেন বিপ্লব বালা।
আজিজুল পারভেজ জানান, উৎসবের সবগুলো নাটকই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ঢাকার সক্রিয় নাট্যদলগুলোর মধ্যে ইউনিভার্সেল থিয়েটার অন্যতম। ১৯৯৪ সালে আত্মপ্রকাশের পর দলটি এ পর্যন্ত ২১টি পথনাটকের ৮ শতাধিক প্রদর্শনী করেছে। এগুলোর মধ্যে পাঁচ শতাধিকবার প্রদর্শিত হয়েছে নাটক ‘উদ্বাস্ত’।
এছাড়াও রাজাকারবিরোধী নাটক ‘চন্দ্রভূক’, রাজনীতিবিষয়ক নাটক ‘ছাড়পত্র’ও রয়েছে।
