দুইশো কোটির পথে ‘গোলমাল এগেইন’
বক্সঅফিসে সাড়া ফেলেছে কমেডি-হরর সিনেমা ‘গোলমাল এগেইন’। মুক্তির ১১ দিনের মাথায় ১৭১ কোটি ৮৬ লাখ আয় করে চলতি বছরের এ যাবৎকালীন সেরা ব্যবসাসফল বলিউড সিনেমায় পরিণত হয়েছে এটি।
এ বছরটা একের পর এর সুফল বয়ে আনছে অজয় দেবগণের ভাগ্যে। ‘বাদশাহো’র বাদশাহী আয়ের পর ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘গোলমাল এগেইন’ দিয়ে বাজিমাৎ করেছেন অজয়। ২০১৭ সালটিকে বলিউডের জন্য মন্দার বছর হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তেলুগু ছবি ‘বাহুবলী-টু’ এর হিন্দি সংস্কণের পর ‘রইস’, ‘বাদশাহো’, ‘জড়ুয়া টু’ সহ গুটি কয়েক যে সিনেমা বক্সঅফিসে ঝড় তুলেছে তার মধ্যে অন্যতম ‘গোলমাল এগেইন’।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ এর একদিন পর মুক্তি পেলেও আয়ের দিক দিয়ে এ ছবিকে বহু আগেই ছাড়িয়ে গেছে ‘গোলমাল এগেইন’। অজয় দেবগণের মজাদার সংলাপ, পরিনীতি চোপড়ার আবেদনময়ী পর্দা উপস্থিতি, টাবুর রাজকীয় অভিষেক ও ভৌতিক চরিত্রে দুর্দান্ত অভিনয় সহজেই মন কেড়েছে দর্শকের।
১০০ কোটি বাজেটের ‘গোলমাল এগেইন’ এরই মধ্যে বিশ্বব্যাপি ব্যবসা করেছে ২৫০ কোটির উপরে। ফ্যালিমি ড্রামা’র আবেদন যে আজও ফুরিয়ে যায়নি তাই-ই যেন নতুন করে আবারও প্রমাণ করেছে রোহিত শেঠির এ সিনেমাটি।
