ঢাকার মঞ্চে গাইবেন দুর্নিবার সাহা
১০ নভেম্বর রাজধানীর কেআইবি কমপ্লেক্সে গাইবেন কলকাতার টিভি চ্যানেল জি বাংলা’র ‘সারেগামাপা’র লাইফ মিউজিক গ্রুপের চ্যাম্পিয়ন দুর্নিবার সাহা।
‘আদি স্থাপনা জঞ্জাল নয় আমার অহংকার’ শিরোনামের এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছেন সিনহা গ্রুপ ও ষ্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিঃ।
এবারই প্রথম বাংলাদেশের মঞ্চে গাইছেন কলকাতার এ শিল্পী। তবে এর আগেও দুইবার ঢাকায় এসেছিলেন। দুটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করেছেন।
সব ধরনের গান পরিবেশন করে থাকলেও রবীন্দ্র সংগীতের প্রতি আলাদা ঝোঁক রয়েছে তার। সেকারণে তার প্রথম অ্যালবামটিও রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই। অ্যালবামের নাম, ‘তুমি আমার’।
অ্যালবাম প্রকাশের পাশাপাশি স্টেজ শো’তেও ব্যস্ত সময় কাটছে তার। ইতিমধ্যে গান নিয়ে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, হংকং ও কুয়েত ঘুরে এসেছেন।
