আত্মজীবনী লিখে প্রাক্তন প্রেমিকাদের তোপের মুখে নওয়াজ
চলতি বছর মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির আত্মজীবনী ‘অর্ডিনারি লাইফ’। আত্মজীবনীতে তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে তার দুই সাবেক প্রেমিকা।
‘ফিরাক’, ‘কাহানি’, ‘বম্বে টকিজ’, ‘কিক’সহ একাধিক ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। বাণিজ্যিক ধারার পাশাপাশি আর্ট ফিল্মে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত তিনি। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’। এতে প্রশংসিত হয়েছে ব্যতিক্রমধর্মী চরিত্রে তার অভিনয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নওয়াজউদ্দিনের সাবেক দুই প্রেমিকা নীহারিকা সিং ও সুনীতা রাজওয়ার অভিযোগ তুলেছেন নওয়াজের আত্মজীবনীতে তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এমনকি তাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
নীহারিকা সিং ও সুনীতা রাজওয়ার
সুনীতা আরও লিখেছেন, “বইতে লেখা আছে নওয়াজের ক্যারিয়ার ও আর্থিক দৈন্যদশার কারণে আমি তাকে ছেড়ে চলে গেছি। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমার ও তার সম্পর্কের অনেক গোপন কথা আমাদেরই আরেক বন্ধুর কাছে রসিয়ে আলাপ করেছিল সে। এমনকি আমাকে নিয়ে সে অনেকের কাছে হাসাহাসিও করেছে। তার আর্থিক দৈন্য নয় বরং তার মানসিক দৈন্যের কারণেই আমি তাকে ছেড়ে দিয়েছিলাম।”
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি নওয়াজ। সামনেই নেটফ্লিক্স সিরিজ ‘স্যাকরেড গেমস’ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কার্বন’-এ দেখা যাবে এ প্রতিভাবান ভারতীয় অভিনেতাকে।
