২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটবেলায় সালমান আর আমি একই ক্লাসে পড়েছি: আমির

এখনও সমানতালে বলিউড মাতিয়ে চলেছেন তিন খান- শাহরুখ, সালমান ও আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান ও শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের মজার অভিজ্ঞতার কথা বললেন ‘সিক্রেট সুপারস্টার’ অভিনেতা আমির খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 09:10 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

তিন দশক ধরে বলিউডের রূপালি পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। নব্বই দশকের ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে শুরু করে হাল আমলের ‘দঙ্গল’ দিয়ে বক্সঅফিসের সর্বাধিক ব্যবসাসফল সিনেমার রেকর্ড গড়েছেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সিক্রেট সুপারস্টার’ দিয়েও বাজিমাৎ করেছেন এ জনপ্রিয় বলিউড অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, অপর দুই খান- শাহরুখ ও সালমানর সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প।

মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, “আমি যখন সালমান খানকে প্রথম দেখি তখন আমরা কেউই তারকা হয়ে উঠিনি। পরিচালক আদিত্য ভট্টাচার্যের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের সুবাদে তার বাড়িতে গিয়েছিলাম।

পাশেই একটি লনে সাইকেল চালাচ্ছিলেন সালমান। তার সঙ্গে সেখানেই আমার প্রথম পরিচয়। আলাপের সূত্রেই জানতে পারি ছোটবেলায় সালমান আর আমি একই স্কুলে, একই ক্লাসে এক বছর পড়েছিলাম। সম্ভবত সেটা ছিলো গ্রেড-টু। কিন্তু আমরা তখন কেউ কাউকে চিনতাম না।”

সাক্ষাৎকারে আমির আরও বলেন, “শাহরুখের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ১৯৯২ সালে। তখন শাহরুখ সবেমাত্র ‍জুহি চাওলার সঙ্গে ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ সিনেমার শুটিং শুরু করেছে। সে সময় আমি আর জুহিও নতুন একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং সেটেই তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তখন শাহরুখের বলিউড অভিষেক সিনেমা ‘দিওয়ানা’ মুক্তি পায়নি এবং বলিউড অভিনেতা হিসেবে তাকে কেউ চিনতো না। প্রথম পরিচয়ে তাকে (শাহুরখ খানকে) আমার বেশ মিশুকে ও হৃদয়বান বলে মনে হয়েছিলো।”

‘দঙ্গল’-এর পর ‘সিক্রেট সুপারস্টার’ দিয়ে দর্শক মাতিয়েছেন আমির। সামনে মুক্তি পাবে তার বহুল প্রতিক্ষিত সিনেমা ‘ঠগস অব হিন্দোস্তান’। এতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাকে।