২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ের বুর্জ পার্কে ‘টু পয়েন্ট জিরো’র সংগীতায়োজন

শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে তামিল তারকা রজনীকান্ত অভিনীত ‘টু পয়েন্ট জিরো’ সিনেমার সংগীত উদ্বোধনী অনুষ্ঠান। ১২ কোটি রূপি ব্যয়ে অনুষ্ঠিতব্য এ জমকালো আয়োজনকে ঘিরে দর্শক আগ্রহের কমতি নেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 08:46 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

২০১০ সালের সাড়াজাগানো তামিল সিনেমা ‘এন্থিরান’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পান রজনীকান্ত। এ ছবিতে প্রেমিক রোবট চিট্টি’র চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।

তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এ ছবির সিকুয়্যাল ‘টু পয়েন্ট জিরো’। এতে মূল ভূমিকায় দেখা যাবে তামিল মহানায়ক রজনীকান্তকে। খলনায়ক চরিত্রে দর্শকমাৎ করবেন বলিউড তারকা অক্ষয় কুমার। মার্কিন বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে এ সিনেমায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবার দুবাইয়ের বুর্জ খলিফা ভবনের পাশে অবস্থিত ‘বুর্জ পার্ক’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টু পয়েন্ট জিরো’র সংগীত উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলিউড পরিচালক করণ জোহর, তামিল তারকা আরজে বালাজী ও তেলুগু অভিনেতা রানা দগ্গুবতী

সাক্ষাৎকারে সিনেমা প্রসঙ্গে পরিচালক এস শঙ্কর বলেন, “এটি জনপ্রিয় তামিল ছবি ‘এন্থিরান’-এর সিকুয়্যাল হলেও এ ছবির গল্পে রয়েছে নতুনত্ব। এ সিনেমায় পুরো বিশ্ববাসীর জন্য রয়েছে বিশেষ কিছু বার্তা।”

 

‘টু পয়েন্ট জিরো’র সংগীত পরিচলক এ আর রহমান জানান, এ ছবিতে মোট ৩টি গান রয়েছে। তার মধ্যে ২টি গান দুবাইতে উদ্বোধন করা হবে। এ আর রহমান সহ ১২৫জন শিল্পীর সরাসরি অংশগ্রহণে মঞ্চে পরিবেশন করা হবে গানগুলো।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘টু পয়েন্ট জিরো’র পোস্টার। এতে স্বর্ণ সাজে দেখা গেছে রজনীকান্ত ও অ্যামি জ্যাকসনকে। প্রকাশের পরপরই সাড়া ফেলেছে পোস্টারটি। ‘টু পয়েন্ট জিরো’র জনপ্রিয়তা ছাড়িয়ে যাবে ‘এন্থিরান’কেও- পোস্টার দেখে এমনটাই ধারণা করছেন সকলে।