২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান্না নিয়ে নিরীক্ষা করতে পছন্দ করি : পূর্ণিমা

‘সেরা রাঁধুনি ১৪২৪’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় যুক্ত হওয়ার পর নিজের অনুভূতির কথা বললেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 07:09 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

রান্না বিষয়ক অনুষ্ঠানকে ঘিরে তিনি বললেন, “নিজে রন্ধনশিল্পী না হলেও ভালো রান্নার গুণাগুণ বিচারের দক্ষতা আমার রয়েছে। এমনকি রান্না নিয়ে নিরীক্ষা করতেও পছন্দ করি।”

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতায় তিন বিচারকের একজন হবার জন্য গত মঙ্গলবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিযোগিতার মূল স্টুডিও রাউন্ডে অভিজ্ঞ শেফ শুভব্রত মৈত্র ও বর্ষীয়ান রন্ধন বিশেষজ্ঞ নাহিদ ওসমানের সঙ্গে তিনি বিচারকের দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে দেশের ৭টি আলাদা অঞ্চল থেকে আসা ৪০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। পরবর্তীতে ১৬ জনকে নিয়ে স্টুডিও রাউন্ড এবং ভিন্ন ভিন্ন ধাপে প্রতিযোগিতায় উত্তীর্ণ একজনকে বেছে নেওয়া হবে, যিনি পাবেন ১৫ লক্ষ টাকার পুরস্কার।

তবে এবার প্রতিযোগিতার মাধ্যমে এমন একজন রন্ধনশিল্পীকে খুঁজে বের করা হবে যিনি শুধু রান্না পরিবেশনাতেই দক্ষ না, বরং একই সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে উপস্থাপনের মাধ্যমে তার রেসিপির বিপণনেও পারদর্শী হবেন।

পূর্ণিমা বললেন, “আমার মনে হয়, প্রতিযোগিদের বন্ধু হিসেবে তাদের কাছ থেকে এ অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিষয় শিখতে পারব। সেই সঙ্গে আমার অভিজ্ঞতা, জ্ঞান তাদের সাথে ভাগ করে নিতে পারব।”

আগামী ১২ জানুয়ারি থেকে প্রতি শুক্র-শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।