মিউজিক ভিডিওতে অন্তু ও হিমি
দূরবিন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট শহীদের ‘দূরত্ব’ শিরোনামে মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন অন্তু করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।
গানটির চিত্রায়ন হয়েছে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সোনাপুর ও তার আশেপাশের এলাকাগুলোতে। লুত্ফর হাসানের কথা ও সুরে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও তৈরি করেছেন তানজিম মিশু।
শহীদ বললেন, “ভালো একটি কাজ হয়েছে। বাকিটা দর্শক ও শ্রোতারা বলতে পারবেন। অন্তুর সাথে কাজের অভিজ্ঞতাটা বরাবরই ভালো। এই মিউজিক ভিডিওটিতেও অন্তুকে ভিন্নভাবে পাবেন সবাই।”
হিমি বললেন, “পছন্দের একটি কাজ। আশা করছি ভালো লাগবে দর্শকদের।”
মিউজিক ভিডিওটি নিয়ে অন্তু করিম বললেন, “এতে গতানুগতিক ভিডিওর বাইরে দৃশ্যায়নে বৈচিত্র আনার চেষ্টা করা হয়েছে। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন। আমার বিপরীতে রয়েছে হিমি, সেও ভালো করেছে। শহীদ ভাইয়ের সাথে পেশাদারিত্বের জায়গার বাইরেও একটি সুসম্পর্ক আছে আমার। তাই তার সাথে কাজের অভিজ্ঞতাটা একটু ভিন্ন।”
শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।
