ফজলুল হক স্মৃতি পুরস্কার ঘোষিত
‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু ও চলচ্চিত্র সাংবাদিক নরেশ ভূঁইয়া।
বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক-এর মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর।
ফজলুল হকের স্মরণে ২০০৪ সাল থেকে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রর্বতন করেন ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।
এ বছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু এবং চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফজলুল হক পরিবারের সদস্যসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেখানো হবে ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘সম্মুখযাত্রী’ নামের একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন শহিদুল আলম সাচ্চু।
প্রসঙ্গত, এর আগে ফজলুল হক স্মৃতি পদক পেয়েছেন কবি ফজল শাহাবুদ্দিন, চিত্রপরিচালক আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল, চাষী নজরুল ইসলাম, আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, গোলাম রব্বানী বিপ্লব, আবদুর রহমান, সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম, চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান, অনুপম হায়াৎ, গোলাম সারওয়ার, নাসির উদ্দীন ইউসুফ, সোহেল রানা, শহীদুল হক, আজিজুর রহমান ও মোস্তফা জব্বার।
