২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরণ

আগামী ২৬ অক্টোবর উপমহাদেশের চলচ্চিত্রের প্রথম নির্মাতা হীরালাল সেনের মৃত্যুর শতবর্ষ পূর্ণ হচ্ছে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরণে আয়োজন করেছে আলোচনা এবং শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানমালা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 05:21 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরণ আলোচনার।

আলোচনার শুরুতে ‘উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন এবং আমাদের দায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ।

স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপনের আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ও চলচ্চিত্র গবেষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার এবং মানিকগঞ্জের হীরালাল সেন চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হোসেন কচি।

স্মরণ আলোচনায় সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন আলোচনা সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

গ্লিটজকে তিনি বলেন, “আলোচনার শুরুতে প্রয়াণের শতবর্ষে হীরালাল সেন স্মরনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বোলন করা হবে। এছাড়া এই দিন অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উদ্যোগে এবং হীরালাল সেন চলচ্চিত্র সংসদের আয়োজনে সন্ধ্যায় হীরালাল সেনের জন্মভিটা মানিকগঞ্জের বগজুরি গ্রামে তাঁর পৈত্রিক ভিটায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বোলন এবং হীরালাল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন।”

উপমহাদেশের প্রথম চলচ্চিত্র প্রদর্শক, নির্মাতা এবং সার্বিকভাবে প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হীরালাল সেন। এক প্রবাদপ্রতিম অভিযাত্রিক মননের মানুষ ছিলেন হীরালাল সেন।

বহুগুণ এবং প্রতিভায় ভাস্বর এই অসামান্য বাঙালি সন্তান ১৮৬৮ সালের ২ অগাস্ট মানিকগঞ্জের বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র নির্মাণের প্রয়াসে তিনি ১৮৯৬ সালে যুক্ত হন এবং ১৯০০ সালের মধ্যেই ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

এই অসাধারণ সৃজনী সামর্থে উজ্জ্বল চলচ্চিত্র ব্যক্তিত্ব ১৯১৭ সালের ২৬ অক্টোবর প্রয়াত হন।