যৌন নিপীড়নের শিকার ‘ইট’ তারকা ফিন উল্ফহার্ড
হলিউডে চলমান যৌন হয়রানি বিরোধী প্রতিবাদের মধ্যেই যৌন নিপীড়নের অভিযোগে মিডিয়া হাউজ ছাড়তে বাধ্য হলেন ক্যানাডিয়ান শিশুশিল্পী ফিন উল্ফহার্ড।
সম্প্রতি একাধিক হলিউড অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অস্কার কমিটির সদস্যপদ হারিয়েছেন মার্কিন ‘মিডিয়া মুঘল’ হার্ভি ওয়াইনস্টিন। এরপর মিডিয়া ও সর্বক্ষেত্রে যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে ‘মি টু’ হ্যাশট্যাগযুক্ত নিরব প্রতিবাদ। তারই ধারাবাহিকতায় হলিউড অভিনেতা টেরি ক্রুজ, কোরি ফেল্ডম্যান, জেমস ভ্যান ডার বেক ও সাবেক শিশু তারকা মার্ক এগান সহ অনেকেই জানিয়েছেন যৌন নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
ডেডলাইন জানায়, সম্প্রতি মার্কিন মিডিয়া হাউজ এপিএ (এজেন্সি ফল দ্য পারফর্মিং আর্ট) এর প্রতিনিধি টেইলার গ্রাসম এর বিরুদ্ধে প্রতি যৌন নিপীড়নের অভিযোগ এনে প্রতিষ্ঠানটি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন ১৪ বছর বয়সি শিশু তারকা ফিন উল্ফহার্ড। ২০১৭ এর সফলতম ভৌতিক সিনেমা ‘ইট’ ও জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর প্রধান চরিত্রে অভিনয় করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন এ ক্যানাডিয়ান শিশুশিল্পী।
অভিযোগ প্রসঙ্গে এক অনুষ্ঠানিক বিবৃতিতে এপিএ জানায়, “ফিন উল্ফহার্ডের এ অভিযোগটিকে আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
ফিন উল্ফহার্ডই প্রথম নন, এর আগে এপিএ প্রতিনিধি টেইলার গ্রাসমের যৌন লালসার শিকার হয়েছেন আরও অনেকেই। ১০ বছর আগে গ্রাসমের বিকৃত যৌন নিগ্রহের শিকার হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন সাবেক শিশুশিল্পী ব্লেইস গডবি লিপম্যান।
শৈশবে একইভাবে গ্রাসমের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন দাবি করে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ২৭ বছর বয়সি মার্কিন টিভি সম্পাদক লকুাস ওজারোস্কি।
