ফিলিস্তিনি অভিনেতাকে নিয়ে ফারুকীর নতুন চলচ্চিত্র
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘স্যাটারডে আফটারনুন’ নামে আরেকটি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেনর ‘ডুব’ মুক্তির দেড় সপ্তাহ আগে । এতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’তে ছবিটি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যেই চলচ্চিত্রের দুই শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে ফারুকীও তেমনটিই বললেন, “অস্কার নমিনেটেড ও অ্যাপসা জয়ী ‘ওমার’ আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা।
তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয় শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না অভিনয় নিয়ে। যেহেতু ভ্যারাইটি বলছে এরা দুইজন থাকবে, যা রটে তার কিছু তো ঘটবেই।”
তবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রধান চরিত্রে কাস্টিং এখনো বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ডিসেম্বর থেকেই ছবির ক্যামেরা চালু হবে।
বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কোলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও থাকছে প্রযোজকের দায়িত্বে। ছবির জার্মান প্রযোজক আনা কাচকোকের দুটি ছবি বার্লিন এবং ভেনিস ফিল্ম ফেস্টিভালে ছিল। বার্লিনে পুরস্কারও জিতেছিল।
ফারুকীর নতুন এই ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন বার্লিন ফিল্ম ফেস্টিভালে সিলভার বিয়ার জয়ী আজিজ জাম্বাকিয়েভ।
তবে আপাতত তার মুক্তি প্রতিক্ষিত ‘ডুব’ চলচ্চিত্রের প্রচারণায় ডুবে থাকতে চান এ নির্মাতা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী।
