২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের চলচ্চিত্র উৎসবে ‘মেড ইন বাংলাদেশ’

নেপালের কাঠমান্ডুতে আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। উৎসবে এবারের ফোকাস কান্ট্রি বাংলাদেশ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 07:40 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

গতবছর উৎসবটিতে ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো ভুটানের চলচ্চিত্র। এবারের উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের দিকে মনযোগী হবেন দর্শকরা।

গতকাল উৎসব কর্তৃপক্ষ তাদের ফেইসবুক পেইজে ফোকাস কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেন । সেইসঙ্গে, ‘মেড ইন বাংলাদেশ’ শিরোনামের বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত ১২জন নির্মাতা ও তাদের চলচ্চিত্রের নামও ঘোষণা করেন।

উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত ছবিগুলো হলো- তাসমিয়া আফরিন মৌ এর ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, আবু শাহেদ ইমনের ‘দ্য কন্টেইনার’, ইশতিয়াক জিকোর ‘৭২০ ডিগ্রিস’, রাজীব আহসানের ‘পাপেট’, ফাহাদ খানের ‘কোল্ড স্টোরেজ’, আবরার আতাহারের ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, সাইফুল ফারদিনের ‘বোট অব লাইফ গোইং ইন পাহাড়তলী’, মাহদী হাসানের ‘ডেথ অব আ রিডার’, জান্নাতুল ফেরদৌস আইভির ‘নীরবে’ এবং  মাহমুদ আবু নাসেরের ‘এমআরপি’। এছাড়াও নুরুজ্জামান খানের ‘মেন উইথ নো নেম’ ও ‘চিকেন ফক্স’ ছবি দুটিও স্থান পেয়েছে বাংলাদেশ থেকে।

গতকাল আয়োজকরা তাদের ঘোষনায় লিখেছেন, “অভিনন্দন নির্বাচিত চলচ্চিত্রকারদের তাদের চমৎকার নির্মাণগুলোর জন্য। দক্ষিণ এশীয় স্বাধীন চলচ্চিত্রকে সামনে নিয়ে আসার পাশাপাশি, তাদের এই অঞ্চলের প্রায় অপ্রচলিত গল্পগুলোকে ছড়িয়ে দিতে প্রতিবছর ‘একদেশমা’ একটি দক্ষিণ এশীয় অঞ্চলের দেশকে নির্বাচন কর থাকে। গতবছর ‘এন্টার দ্যা ড্রাগন’ বিভাগে ভুটানের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। এবার এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’।”

১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।