২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জব্বার স্মরণে ফাউন্ডেশনের দাবি পরিবারের

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী সদ্য প্রয়াত আব্দুল জব্বারের চেহলাম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 05:45 PM

দীর্ঘদিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে গত ৩০ অগাস্ট মারা যান জনপ্রিয় কণ্ঠশিল্পী আবদুল জব্বার। শুক্রবার তার স্মরণে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সকাল ১১টায় ঢাকার কলাবাগান মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলে নূর তাপস, এমপি। এছাড়াও সংস্কৃতি অঙ্গনের নানা ব্যক্তিবর্গছাড়াও আবদুল জব্বারের স্বজন ও ভক্তবৃন্দ। অনুষ্ঠানে তিন হাজার মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শুরুর আগে আব্দুল জব্বারের জেষ্ঠ পুত্র মিথুন জব্বার উপস্থিত সকলের উদ্দেশ্যে পিতা হারানোর শোক জ্ঞাপন করেন। তার পাশাপাশি সরকারের কাছে এ শিল্পীর নামে একটি ফাউন্ডেশন গঠনের দাবি জানান।

আবদুল জব্বারের রেখে যাওয়া গানগুলোও সংরক্ষণের চেষ্টা করছে তার পরিবার। এ প্রসঙ্গে মিথুন জব্বার গ্লিটজকে বলেন, “আমার বাবা সারাজীবন দেশের জন্য গান করেছেন। তার স্মরণে সরকারের কাছে একটি ফাউন্ডেশন সৃষ্টি করার দাবি জানাচ্ছি। আমরা তার গানগুলো সংরক্ষনের উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যেই বিটিভির আর্কাইভের কাছে আবেদন জানিয়েছি তার গানগুলো দেবার জন্য।”

পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের গানের ভুবনে আলো ছড়ানো আবদুল জব্বার স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।