অস্ট্রেলিয়া মাতাবেন জেমস
অস্ট্রেলিয়ার তিন শহরে তিন কনসার্টে অংশ নিতে যাচ্ছেন জেমস।
দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানকার প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন ‘লিসেন ফর’ এর আমন্ত্রণে তিনটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।
এ সফরে তার সঙ্গী হচ্ছেন ব্যান্ড নগরবাউলের সদস্যরা। ব্যান্ডদলটির মুখপাত্র রবিন ঠাকুরও আছেন এ দলে। তিনি গ্লিটজকে বলেন, “পাঁচ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নগরবাউল জেমস। প্রবাসীদের আমন্ত্রণে তিন দিন তিনটি কনসার্টে অংশ নেবেন এই রকতারকা ।”
তিনি আরও বলেছেন, আসছে ১ নভেম্বর এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। এ সফরে ৪ নভেম্বর সিডনি, ৫ নভেম্বর ব্রিসবেন ও ১১ নভেম্বর মেলবোর্নে গাইবেন জেমস। নগরবাউলের সঙ্গে বাজাবেন, খায়েম আহমেদ (কি-বোর্ড), জিমি (ড্রামস), সাব্বির (বেজ), গিটার (রানা)।
অস্ট্রেলিয়ার অনুষ্ঠান শেষে ১৩ নভেম্বর ঢাকায় ফিরবেন জেমস।
