দক্ষিণ আফ্রিকা ও ভারতের চলচ্চিত্র উৎসবে ‘ভুবন মাঝি’
ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তরুণ নির্মাতা ফাখরুল আরেফিনের চলচ্চিত্র ‘ভুবনমাঝি।’ এবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের আরো দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শেনর জন্য মনোনীত হয়েছে সিনেমাটি।
বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা।
ভারতের অল লাইটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ছবিটি। এটি প্রদর্শিত হবে ৩ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার কেপটাউন ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হবে সিনেমাটি।
নির্মাতা ফাখরুল আরেফিন গ্লিটজকে বললেন,“কেপটাউন ফেস্টিভালে এই প্রথম কোনো বাংলাদেশের সিনেমা নির্বাচিত হয়েছে।বিষয়টি আমাকে আনন্দিত করেছে। রামুজিতে এই বছর বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা এটি। তাই এটাও অনেক আনন্দের।”
সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এইসিনেমায়। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমার কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুনমিজান, নওশাবা প্রমুখ।
