দেশজুড়ে ১৬দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’
শিল্পকলা একাডেমির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭’।
ঢাকাসহ দেশের ৬৪ জেলায় আজ থেকে শুরু হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ৪৪টি চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ১৬ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ২১ অক্টোবর। শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’।
এবারের উৎসবে সাত সদস্যবিশিষ্ট সিলেকশন কমিটির মাধ্যমে পাঁচটি বিভাগে যথাক্রমে- বাংলাদেশ ধ্রুপদী চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সমকালীন দেশীয় চলচ্চিত্র (২০১৫-২০১৬) এবং নারী নির্মাতাদের চলচ্চিত্র। এর মধ্য থেকে ৪৪টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে।
সিলেকশন কমিটির সদস্যরা হলেন- বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক এবং সহযোগী অধ্যাপক ড. সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (বাচসাস) সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস’র প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাস্উদ।
সংবাদ সম্মেলনে বক্তারা
বৃহস্পতিবার সন্ধায় উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. সাজেদুল আউয়াল, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জাকির হোসেন রাজু ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
