‘ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধের সংস্কৃতি’ চলছে’
চলচ্চিত্র শিল্পে ‘নিষিদ্ধের সংস্কৃতি’ চলছে বললেন চিত্রনায়ক শাকিব খান।এই সংস্কৃতি থেকে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতেই ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর যাত্রা শুরু ।
সোমবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর পরিচিতি সভায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বলেছেন, “ইন্ডাস্ট্রিতে ‘ব্যান’ একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, যা আমি অনেক বছর দেখিনি, শুনিনি। এখন পা ফেললেই ব্যান, কথা বললেই ব্যান। তাহলে আমরা যাব কোথায়? এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেও যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে কি হবে এই ইন্ডাস্ট্রির?”
নবগঠিত চলচ্চিত্র বিষয়ক সংগঠনটির তিনি একজন সদস্য।
‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’ একাধিকবার ‘নিষিদ্ধ’ করেছে শাকিব খানকে। এমনকি তার সঙ্গে চলচ্চিত্র বিষয়ক ১৮টি সংগঠনের সদস্যরা কাজ না করার সিদ্ধান্তও নিয়েছিল। যদিও সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই নিষিদ্ধের সংস্কৃতির বিপরীতেই নতুন এই সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত-এমনই বললেন তিনি ।
শাকিব খান বলেছেন, “সেই থেকে সিনিয়র-জুনিয়র শিল্পীরা একত্রিত হয়েছি বঙ্গবন্ধুর নির্মিত ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। আমরা কেন পিছিয়ে থাকব? বঙ্গবন্ধুর সামনেও বাধা এসেছিল। আমাদেরও বাধা আসবে। ভয়ভীতি আসবেই। ভয়ভীতি আসবে বলে কি সামনে এগিয়ে যাব না? সাহস নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফোরামের সকলে মিলে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাব।”
দেশে এত সংগঠনের ভিড়ে নতুন আরেকটি সংগঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চিত্রনায়িকা মৌসুমী। সংগঠনটির পেছনে শাকিব খানের অবদান স্বীকার করে তিনি জানান, শাকিবের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই চলচ্চিত্র ফোরাম আত্মপ্রকাশ করেছে।
মৌসুমী বলেছেন, “এ সংগঠন কারও বিপক্ষে নয়, কাউকে ছোট করতেও নয়। যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা রোধ করতে চলচ্চিত্র ফোরাম গঠিত হয়েছে।”
বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের কমিটিতে সর্বমোট ২৮ জন সদস্য রয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রযোজক নাসির উদ্দিন দিলু এবং সাধারণ সম্পাদক পদে আছেন পরিচালক কাজী হায়াৎ।
সহ-সভাপতি হয়েছেন হল মালিক-প্রযোজক মো. হোসেন, অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী, অভিনেতা-প্রযোজক ড্যানি সিডাক, হল মালিক, প্রযোজক ও অভিনেতা নাদির খান, প্রযোজক সেলিম খান, সাধারণ সম্পাদক পরিচালক কাজী হায়াৎ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রযোজক-হল মালিক কামাল কিবরিয়া লিপু, সাংগঠনিক সম্পাদক প্রযোজক এমডি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক প্রযোজক-অভিনেতা রমিজ উদ্দিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়িকা নূতন, আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়িকা মৌসুমী, দপ্তর সম্পাদক প্রযোজক-পরিচালক জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অভিনেতা কামরুজ্জামান কমল।
কার্যকরী সদস্য পদে রয়েছেন প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা ওমর সানি, অমিত হাসান, কাজী মারুফ, নানা শাহ তারিক, শিবা শানু, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ববি, শবনম বুবলী, অভিনেতা ডি জে সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়ুয়া মনোজিত ধীমন, বুকিং এজেন্ট সিরাজুল ইসলাম, অজিত নন্দী এবং চিত্রনায়ক শাকিব খান।
