২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাভিনার সঙ্গে আড্ডায় ‘বাহুবলী’ তারকারা

‘বাহুবলী-টু’র অভাবনীয় সাফল্যের রেশ কাটেনি এখনো। সম্প্রতি ইন্সটাগ্রামে প্রকাশিত ছবিতে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা গেলো এ ছবির কলাকুশলীদের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 08:12 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

‘বাহুবলী’তে অনবদ্য অভিনয়ের কল্যাণে খ্যাতির চূড়ায় পৌঁছৈ গেছেন বাহুবলী ওরফে প্রভাস, রাজা বল্লালদেব ওরফে রানা দগ্গুবতী ও দেবসেনা ওরফে আনুশকা শেঠি। ২৮ এপ্রিল এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী-টু’ একই সঙ্গে মুক্তি পায় তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়। মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি ব্যবসা করে সাড়া ফেলে দেয় পৌরাণিক কাহিনি নির্ভর এ ছবিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি হায়দ্রাবাদে রাভিনার সঙ্গে সুন্দর কিছু সময় কাটিয়েছে ‘বাহুবলী’ তারকা প্রভাস, রানা দগ্গুবতী ও আনুশকা শেঠি। রাভিনার ইন্সটাগ্রামে প্রকাশিত এক সেলফিতে হাস্যোজ্জ্বল অবস্থায় ধরা পড়েছেন তারা। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ছবিটি।

সর্বশেষ আশতার সাইদ পরিচালিত ‘মাতৃ’ সিনেমায় দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। সামনেই অনির পরিচালিত ‘শাব’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘বাহুবলী-টু’র পর প্রভাসের হাতে রয়েছে শঙ্কর পরিচালিত ‘সাহো’ সিনেমার কাজ। এতে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে।

‘বাহুবলী’তে দেবসেনা চরিত্রে দর্শকমাৎ করা আনুশকাকে সামনেই দেখা যাবে তামিল ও তেলুগু ভাষায় নির্মিতব্য ‘ভাগমতী’ সিনেমায়। রানা দগ্গুবতীকে সম্প্রতি দেখা গেছে ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ ছবিতে।