২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুসি তৃপ্তি গোমেজের নির্মাণে স্বল্পদৈর্ঘ্য  ‘ডাকঘর’

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক ‘ডাকঘর’ অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন লুসি তৃপ্তি গোমেজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 07:09 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে নির্মিত চারটি চলচ্চিত্রের মধ্যে একটি লুসি তৃপ্তি গোমেজের ডাকঘর।

২০১৪ সালের জানুয়ারিতে অনুদান প্রাপ্ত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ২০১৭ সালে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় প্রথমবারের মতো প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

একই দিন রবীন্দ্রনাথের ‘ডাকাতের গল্প’ অবলম্বনে আবু সাইয়ীদের ‘বিশ্বম্ভর বাবুর দায়’  চলচ্চিত্রটিও প্রদর্শিত হবে।

নির্মাণের দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে নির্মাতা লুসি গ্লিটজকে বলেন, “অনুদানপ্রাপ্তির পর যথাসময়ে আমি চলচ্চিত্রটি নির্মাণ করে জমা দেই। কিন্তু কিছু কৌশলগত কারণে তা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের মনঃপুত না হওয়ায় ফের নির্মাণ করে চলতি বছর জমা দেই। অর্থনৈতিক জটিলতার কারণেই মূলত দেরি হলো। সবকিছুর পর বর্তমান সময়ে চলচ্চিত্র নিয়ে যারা কাজ করছেন, যারা চলচ্চিত্রের দর্শক তাদের কাছে ভালো লাগলেই আমার শ্রমটা সার্থক হবে।”

Image
নির্মাতা লুসি তৃপ্তি গোমেজ

নির্মাতা লুসি তৃপ্তি গোমেজ

নানা চড়াই উতরাইয়ের পর নির্মিত চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “১৯০১ সালের গল্পটা বলতে চেয়েছি। ছবিটা একটু ডার্ক, চাঁদের আলো, কুপির আলোটা আমরা খুব ভালো ভাবে ধরতে পেরেছি। যেহেতু এটি সরকারি নির্মাণ তাই রবীন্দ্রনাথের ‘ডাকঘর’কেই হুবহু রাখতে হয়েছে। তবে আমার পরিকল্পনা আছে প্রতি দুই বা তিনবছর পরপর নানা ভাবে এই ‘ডাকঘর’ চলচ্চিত্রটি নির্মাণ করার। সেখানে হয়তো বর্তমানের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা চলবে।”

নির্মাতা জানান, শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ তাদের নিয়মেই চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করবে। তবে, অনুদানপ্রাপ্ত চারটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে চাইছেন অনুদানপ্রাপ্ত চার নির্মাতা আবু সাইয়ীদ, টোকন ঠাকুর, সুমনা সিদ্দিকী এবং তিনি । 

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহ্দী আমীন আশরাফ শ্রাবণ, জাহাঙ্গীর আলম, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, খালিদ মাহবুব তুর্য, শরীফ হোসেন ইমন, অপূর্ব রূপকথা, সৌমিত্র দেব, সতেজ চৌধুরী, সাদিয়া আফরোজ শিল্পী।

শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। চিত্রগ্রহণে ড্যানিয়েল ডেনি। সংগীত পরিকল্পনা ও কণ্ঠ কিম্বেল অভি, সংগীত বিন্যাসে বিবেক।