কলকাতার ‘বিসর্জন’, বাংলাদেশে পুরস্কৃত জয়া
দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘খাঁচা’। বাংলাদেশ থেকে অস্কারেও যাচ্ছে চলচ্চিত্রটি। তবু, শারদীয় দুর্গা পূজায় কলকাতার ‘বিসর্জন’ চলচ্চিত্রের জন্যই পুরস্কার লেখা ছিলো জয়ার নিয়তিতে।
সম্প্রতি বিশ্বরঙ ও গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছিলো জমকালো শারদীয় উৎসব ২০১৭। এ আয়োজন থেকেই গত ২৯ সেপ্টেম্বর বনানী পূজা মন্ডপে পুরস্কৃত করা হয় জয়াকে।
কলকাতায় পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন এ অভিনেত্রী। ফাঁক গলে দেশে এসে এ পুরস্কার হাতে বললেন, “এটা অবশ্যই আমার জন্য গর্বের। আমার অভিনয় আমাকে পুরস্কার এনে দিচ্ছে । দর্শকদের ভালোবাসা এনে দিচ্ছে এটা একজন অভিনেত্রীর জন্য পরম পাওয়া।”
অন্যদিকে বিশ্বরঙ অধিকর্তা বিপ্লব সাহা বলেন, “যদিও সম্প্রতি জয়ার ‘খাঁচা’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে দেশে, তবু পশ্চিমবঙ্গের এ ছবিটিকেই পূজায় পুরস্কৃত করার জন্য প্রাসঙ্গিক মনে হয়েছে। কেননা ছবিটি দুর্গা বিসর্জনের গল্পেই তৈরি হয়েছে। কলকাতায় আমি ছবিটি দেখেছি। অসাধারণ অভিনয় করেছেন জয়া।”
অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ছিল বিপ্লব সাহা ও আঁখি আলমগীরের পরিবেশনায় গান কানচা-কানচি।
জমকালো ফ্যাশন-শো’তে অংশ নেয় জনপ্রিয় ফ্যাশন ব্যান্ড বিশ্বরঙ। এছাড়াও ছোটদের ফ্যাশন শো’তে মঞ্চ আলোকিত করেন চট্টলপুড়ি।
