২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমকালো আয়োজনে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ১২তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’কে ঘিরে বসেছিল দেশের সঙ্গীতসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের মিলনমেলা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 08:47 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

প্রতিবারের মতো এ বছর একজন গুণী ও দেশবরেণ্য শিল্পীর হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মাননা স্মারক। এ বছর সম্মাননা প্রদান করা হয় সঙ্গীতশিল্পী মোঃ খুরশীদ আলমকে। অনুষ্ঠানে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান। সম্মাননা পত্র তুলে দেন কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। এছাড়াও এক লাখ টাকার চেক তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী।

এর আগে উত্তরীয় পরিয়ে শিল্পীকে বরণ করে নেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক মুকিত মজুমদার বাবু। সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কণ্ঠশিল্পী খুশীদ আলম বলেন, “জীবদ্দশায় এ সম্মাননা পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি।”

অনুষ্ঠানে প্রথমবারের মতো বিশেষ সম্মাননা দেওয়া হয় কণ্ঠশিল্পী শাম্মী আখতারকে। অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারলেও তার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন তার স্বামী আকরামুল ইসলাম ও তার মেয়ে।

অনুষ্ঠানে দেশের চার গুণী সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আলম খান ও আলী হোসেনকে সম্মাননা দেওয়া হয়। এরপরতারা তাদের সেরা গানের কয়েকটি লাইন স্বকণ্ঠে পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, “গত ১১টি আসর ধরে দেশের সঙ্গীতাঙ্গনের গুণী শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে চ্যানেল আই। গুণীদের সম্মাননা দিয়ে আমরা নিজেরাও গর্বিত। এই মিউজিক অ্যাওয়ার্ড এখন বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গীত বিষয়ক সবচেয়ে বড় আয়োজন।”

বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠান শুরু হয় সানী জুবায়ের সঙ্গীত পরিচালনায় বর্ষা বিষয়ক সংগীত ও গানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে একঝাঁক সহশিল্পী নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শফি মন্ডল, মমতাজ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। একক সঙ্গীত পরিবেশন করেন নগর বাউলের জেমস, ছিল চিত্রনায়িকা পূর্ণিমা ও কণ্ঠশিল্পী ইমরানের যুগল পরিবেশনা। ৩০ জন সহশিল্পীকে নিয়ে ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিশেষ পরিবেশনা।

১২তম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফেরদৌসী রহমান, সৈয়দ আবদুল হাদী, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, কাজী হাবলু, হাসান আবিদুর রেজা জুয়েল, সামিনা চৌধুরী, সুমনা হক, সাবাহ তানি, ডলি ইকবাল, মিতালী মুখার্জী প্রমুখ।

সঙ্গীতে ১৩টি ক্যাটাগরিতে ‘ক্রিটিক অ্যাওয়ার্ড’ ও ৫টি ক্যাটাগগিতে ‘পপুলার চয়েস অ্যাওয়ার্ড’ সহ মোট ১৮টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এক নজরে  ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর এবারের পুরস্কার:

ক্রিটিক অ্যাওয়ার্ড: রবীন্দ্র সঙ্গীত- অণিমা রায়, (অ্যালবাম- মাতৃভূমি), নজরুল সঙ্গীত- নাশিদ কামাল (অ্যালবাম- গানে গানে নজরুলের জীবনী), লোক সঙ্গীত- শফি মন্ডল (অ্যালবাম- অধরা),

শ্রেষ্ঠ গীতিকার- আসিফ ইকবাল (অ্যালবাম- মুন এর গান- তুই আমার মন ভালোরে) সঙ্গীত পরিচালক- শফিক তুহিন (অ্যালবাম- চুপকথা রূপকথা, গান- নীল সামিয়ানা)

মিউজিক ভিডিও- তানীম রহমান অংশু (অ্যালবাম- ও গান- ঝুম), কাভার ডিজাইন- নাহিদ (নকশী কাঁথার গান), সাউন্ড ইঞ্জিনিয়ার- পাভেল আরীন (খেয়াল পোকা), উচ্চাঙ্গ সঙ্গীত (কণ্ঠ)- পিয়াংকা গোপ (ঠুমরী), আধুনিক গান- ফাহমিদা নবী (অ্যালবাম- সাদা কালো, গান- অন্ধকার), সেরা ব্যান্ড- পার্থিব (অ্যালবাম- স্বাগত বাংলাদেশ), নবাগত শিল্পী- মেহেদী হাসান (অ্যালবাম- আয়না ফিরে, গান- ইচ্ছেগুলো রাজি) এবং ছায়াছবির গান- জেমস (গান- বিধাতা, ছায়াছবি- সুইটহার্ট)।  

পপুলার চয়েস অ্যাওয়ার্ড : আধুনিক গান- কুমার বিশ্বজিৎ (অ্যালবাম- স্বপ্ন সমুদ্দুর, গান- কখনও তো বলিনি), নবাগত শিল্পী- শাহিন খান (আনকোরা), সেরা ব্যান্ড- অবসকিওর (ক্র্যাক প্লাটুন), ছায়াছবির গান- ইমরান, (মুসাফির, গান- আলতো ছোঁয়াতে) এবং মিউজিক ভিডিও- রম্য খান (অ্যালবাম- মেঘেরা, গান- মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে)।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি ৬ অক্টোবর প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়।