আলোচনায় 'ডুব' এর ট্রেইলার
অন্তর্জালে সাড়া ফেলেছে মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব'-এর ট্রেইলার। ২৭ সেপ্টেম্বর প্রকাশিত ২ মিনিট ৫১ সেকেন্ডের এ ট্রেইলারটি ইউটিউবে ছাড়ার পর থেকেই হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। একদিনের ব্যবধানে প্রায় ২ লাখ ২০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি।
ট্রেইলারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে আলোচনা। অনেকে ভিডিওটি শেয়ার করে ছবির জন্য শুভকামনা জানিয়েছেন। নির্মাতা ফারুকী সিনেমাটিকে ঘিরে তার অনুভূতি ব্যক্ত করেছেন ফেইসবুক স্ট্যটাসে। লিখেছেন ''প্রত্যেকটা ছবিতে একটা জার্নি থাকে নিজেকে নতুন ভাবে চেনার ও আবিষ্কারের। ‘ডুব’ এও সেই চেষ্টা ছিলো।”
ট্রেইলারকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন, ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী থেকেই তৈরি হয়েছে কি না? ফেইসবুক স্ট্যাটাসে এরও উত্তর দিয়েছে নির্মাতা। লিখেছেন, ''কারও জীবন থেকে ইন্স্পায়ার্ড নাকি না তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ছবিতে আমি কি দেখাতে চাইছি সেটা। বাকিটা জানতে অপেক্ষা করতে হবে ছবি দেখা পর্যন্ত।''
৮ অগাস্ট সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি, মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে রুশ সাপ্তাহিক ‘কমেরসান্ত উয়েকেন্ড’ জুরি পুরস্কার পেয়েছে। পাশাপাশি আরো বেশ ক’টি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
সিনেমাটি বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান। সঙ্গে আছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।
