২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা অ্যাটাক’ ট্রেইলারে শুভ-মাহির চমক

সেন্সর ছাড়পত্র পেয়েছে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। ৬ অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 07:11 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ট্রেলার। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটির দিকে চোখ ফেললেই বাংলাদেশের সাম্প্রতিক কিছু আশংকার চিত্র ফুটে উঠবে। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে পুলিশবাহিনীর লড়াইয়ের দুঃসাহসিক গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন দীপংকর দীপন।

ট্রেলারে দেখা গেছে ডিবি পুলিশ, সোয়াত টিমসহ সন্ত্রাসী হামলা রুখে দিতে সদা তৎপর পুলিশ অফিসার আরেফিন শুভ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদকে। পুলিশ কর্মকর্তার বেশে হাসান ইমাম, আলমগীর এবং আফজাল হোসেনকে দেখেও তাক লাগবে দর্শকের! চলচ্চিত্রটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার মুখ থেকেই শোনা গেলো-“স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা কে করছে? কোন রাজনৈতিক দল নাকি জঙ্গীগোষ্ঠি?”

অ্যাকশন দৃশ্যের নৈপূণ্যও প্রশংসিত হয়েছে ট্রেলারটিতে। ২৬ সেপ্টেম্বর ‘ঢাকা অ্যাটাক’ ট্রেলার মুক্তি পায় ইউটিউবে। একদিনেই দুই লক্ষ দর্শক উপভোগ করেছে এ ট্রেলারটি। চলচ্চিত্রের প্রচারণায় এ মুহূর্তে ‘ঢাকা অ্যাটাক’ টিম ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। হঠাৎ সন্ত্রাসী হামলা বা বিপদে পড়লে সাধারণ মানুষ কিভাবে উদ্ধার পেতে পারে তারও মহড়া চলছে প্রচারণার অংশ হিসেবে। ঢাকা ও সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জায়গায় ছুটছেন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা।

আলোচিত এ ছবিটির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার, প্রযোজনা করছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড। ৬ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তির পর বিশ্বের ২৪টি শহরে মুক্তি দেয়া হবে এটি।

ঝকঝকে প্রিন্ট আর মাহি-শুভ জুটির রোমান্সের পাশাপাশি মর্মস্পর্শী গল্প নিয়ে নির্মিত এ ছবিটি দর্শকমাৎ করবে কি না তা জানতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।