২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের পূজা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশজুড়ে চলছে পূজার আমেজ। ঢাকিদের ঢাকের তালে তালে জমে উঠছে এই উৎসব। সর্বজনীন এই উৎসবে মাততে তারকারাও নিজেকে প্রস্তুত করছেন। সাধারণদের মতো তারকারাও পূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেনাকাটায় কেউবা আবার দলবেঁধে মন্ডপগুলোকে ঢুঁ মারছেন। দুর্গাপূজাকে নিয়ে নিজেদের অনভূতি, পরিকল্পনার কথা বললেন তারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 06:51 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

পীযূষ বন্দ্যোপাধ্যায়

বয়স বেড়েছে এখন তাই আগের মতো জমকালো করে পূজা উদযাপন করা হয় না। আগে কে কত প্রতিমা দর্শন করতে পারে, তার প্রতিযোগিতাই চলত বন্ধু মহলে। গভীর রাতে প্রতিমা দর্শন করতে বেরুতাম। ফিরতাম ভোরে। এখন বয়স বেড়েছে। কিন্তু মণ্ডপে যাওয়াটা বন্ধ হয়নি।

কুমার বিশ্বজিৎ

ঢোলের প্রতি অসম্ভব দুর্বলতা ছিল আমার। পূজায় কয়টা দিন ঢাকির পেছন পেছন ছুটতাম। তারা পাত্তা না দিলেও পিছু ছাড়তাম না। সেই ছোটবেলাকে ভীষণ মিস করি। এখন ব্যস্ততার মাঝেও পুরো পরিবার নিয়ে মণ্ডপে যাই। এবার পূজায় দেশে থাকছি না। আমেরিকায় কাটবে দিনগুলো। মিস করব সবাইকে। 

কিরণ চন্দ্র রায়

উৎসব এলেই বাজারে ছুটতে হয় আমাকে। এবারের কেনাকাটাও শুরু করেছি। পূজাকে ঘিরে আমার একটা আফসোস আছে, এখন আর পূজায় যাত্রা-আরতি আগের মতো নেই! পরিবর্তন এসেছে গ্রাম আর শহরের পূজায়। পৌরাণিক যাত্রাও চোখে পড়ে না।

চঞ্চল চৌধুরী

পূজায় বাড়িতে যাবো। বাড়িতে বাবা-মা থাকেন। গ্রামে বাড়িতে হৈ-হুল্লোড় করে একসঙ্গে দিনগুলো কাটাব। পরে আবার ঢাকায় ফিরতে হবে। ২ তারিখে ঢাকায় ফিরব। ৪ তারিখে কাজ শুরু করব। অন্যান্য বার পূজাতে একাধিক নাটক করলেও এবার কোনো নাটক করা হয়নি।

মৌটুসী বিশ্বাস

মিডিয়ায় আসার আগে গ্রামের বাড়ি চট্টগ্রামেই পূজা করতাম। এখন ঢাকাতেই করি। শুটিংয়ের জন্য বাড়ি যাওয়ার সময় বের করতে পারি না। কেনাকাটা অবশ্য এরই মধ্যে সেরে ফেলেছি। কী কিনেছি সেটা আগেভাগে বলে মজা নষ্ট করতে চাই না। এ অভ্যাস আমার ছোটবেলা থেকে। আগেভাগে কাউকে কিছু দেখিয়ে সারপ্রাইজ মাটি করতে চাই না। পূজার প্রতিটা দিন কাজের ফাঁকে ফাঁকে স্বামী-সন্তান আর বাবা-মাকে নিয়ে বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াব।