সেন্সরে যাচ্ছে ‘বিজলি’
অক্টোবরে সেন্সরে জমা পড়ছে ইফতেখার চৌধুরি পরিচালিত চলচ্চিত্র ‘বিজলি’। শুটিং, ডাবিং শেষ। চলছে গ্রাফিক্সের কাজ। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও অভিনেত্রী ববি।
ঈদুল আযহায় ঈদে ‘বিজলি’ মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। বিশেষ করে ছবিটির অভিনয়শিল্পী মিশা সওদাগরের উপর হল মালিক সমিতির নিষেধাজ্ঞার কারণে মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি মিশার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ছবির মুক্তিতে কোনো বাধা নেই - জানালেন ছবিটির প্রযোজক ও অভিনেত্রী ববি।
গ্লিটস’কে ববি বলেন, “গ্রাফিকসের কাজ চলছে কলকাতায়। শেষ করেই সেন্সরে জমা দেবো। তারপরই মুক্তির সিদ্ধান্ত নেয়া হবে।” ছবির প্রধান চরিত্রে দেখা যাবে ববিকেই । গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নব্বইয়ের দশকের দাপুটে অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এ অভিনেতা গ্লিটজকে বলেন, “ছবিটির বাজেট ভালো। গল্পটাও দারুণ। আশা করছি দর্শক গ্রহণ করবে।”
ইলিয়াস কাঞ্চন ও ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভারতীয় মডেল রণবীর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত প্রমুখ।
