অভিবাসী শ্রমিকদের নির্মাণে সাত চলচ্চিত্র
রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ‘সিউল অভিবাসী চলচ্চিত্র উৎসব ঢাকা ২০১৭’। উৎসবে প্রদর্শিত হয় বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের নির্মিত ৭টি চলচ্চিত্র।
এশিয়া মিডিয়া কালচারাল ফ্যাক্টরি (দক্ষিণ কোরিয়া) এবং জলজ মুভি (বাংলাদেশ) যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করে এই উৎসব। ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক গীতি আরা নাসরিন, চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, জুনায়েদ হালিম, শ্রমিক নেতা মোশরেফা মিশু সহ আরও অনেকে। অনুষ্ঠানে সূচনা সঙ্গীত পরিবেশন করে ‘সমগীত’ ও ‘চিত্রপট’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, “আমার কাছে উদ্যোগটা ভালো লেগেছে। এখন ফেসবুক ও অনান্য মাধ্যমের কারণে প্রবাস জীবন নিয়ে নানা ধরণের অতিরঞ্জিত ঘটনার কথা আমরা শুনি কিন্তু আসল সত্যিটা প্রকাশ পায় খুব কমই। অভিবাসীরা কী অবস্থায় আছেন তার প্রকৃত দৃশ্য আমরা এখন চলচ্চিত্রে দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যাপারটা যদি হয় শ্রমিকদের নিয়ে তাদেরই নির্মিত চলচ্চিত্র- তবে তা ভিন্ন একটি মাত্র পায়।”
ব্যতিক্রমী এ অনুষ্ঠানটির আয়োজক ‘জলজ মুভি’র পক্ষ থেকে সাইফুল জার্নাল বলেন, “প্রতিটি মানুষের শিল্পী মন থাকে। একজন শ্রমিক সারাদিন কারখানাতে কাজ করেও তার মনে চলচ্চিত্র বানানোর স্বপ্ন থাকে। তার আশা-আকাঙ্খা ও অভিজ্ঞতা প্রকাশের জন্য চলচ্চিত্রের মতো মাধ্যমকে বেছে নেয় সে। তাদের নির্মাণগুলো আমরা দেখতে ও দেখাতে চাই। প্রথমবারের মতো এই আয়োজন সবাইকে নতুন এক অভিজ্ঞতা দেবে আশা করছি।’
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া উৎসবটি চলে রাত ১০ পর্যন্ত। এতে প্রদর্শিত হয়েছে- ‘দ্যা ট্রাবলড ট্রুবেডর’, ‘হুড’, ‘ডায়াস্পোরা’, ‘মুক্তার মামা’, ‘রিচ ড্যাড পুওর ড্যাড’, ‘সি রোজ এগেইন’, ‘সেইভইয়র’ সিনেমাগুলো।
প্রদর্শনী শেষে প্রতিটি চলচ্চিত্র নিয়ে একজন করে বক্তা আলোচনা করেন। আলোচকদের মধ্যে ছিলেন- অধ্যাপক ফাহমিদুল হক, আল আসাদ করিম, বেলায়াত হোসেন মামুন, অং রাখাইন প্রমুখ।
