‘বাহুবলী থ্রি’ তৈরি হলে তাতেও থাকবো : রানা দগ্গুবতী
তেলুগু সিনেমার প্রযোজক ও অভিনেতা হিসেবেই রানা দগ্গুবতীকে এতদিন চিনতেন সবাই। বাহুবলী’তে প্রধান খলনায়ক রাজা বল্লালদেব’য়ের চরিত্রে অনবদ্য অভিনযের পর পেয়েছেন বিশ্বজোড়া খ্যাতি। সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনয়ে আসা ও ক্যারিয়ার পরিকল্পনা প্রসঙ্গে বললেন এ ভারতীয় অভিনেতা।
২০১০ সালে তেলুগু সিনেমা ‘লিডার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে রানা দগ্গুবতীর। এটি ছিলো রাজনৈতিক ঘরানার সিনেমা। এরপর একে একে অভিনয় করেছেন ‘আরামবাম’, ‘না ইসতাম’, ‘রুদ্রমাদেবি’, ‘সাইজ জিরো’ সহ বেশ কিছু তেলুগু ও তামিল সিনেমায়। হিন্দি সিনেমা ‘দম মারো দম’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘বেবি’তেও দেখা গেছে তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চলতি বছর মুক্তি পাচ্ছে রানার নতুন সিনেমা ‘নেনে রাজু নেনে মন্ত্রী’। রাজনৈতিক ঘরানার এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, “আমি বরাবরই রাজনৈতিক সিনেমায় অভিনয় করতে পছন্দ করি। আমি অভিনয়ে এসেছি কারণ আমার কিছু বলার আছে। একই কারণে আমি সিনেমা প্রযোজনাতেও হাত দিয়েছি। আমার মনে হয় রাজনৈতিক সিনেমায় একই সঙ্গে অনেকগুলো গল্প বলা সম্ভব যেটা অন্যান্য সিনেমায় হয়ে ওঠে না।”
বাহুবলী’র কল্যাণে খ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়া এ তারকা বলেন, “বাহুবলীর বর্ম যখন একবার গায়ে চড়িয়েছি তখন শেষ অবধি তা বয়ে বেড়াতে হবে আমাকে! ‘বাহুবলী’র সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। এটা এমনই এক সিনেমা যা আমাকে পর্দার সামনে ও পেছনে একজন অভিনেতা হিসেবে অনেক কিছু শিখিয়েছে। যদি কখনো ‘বাহুবলী- থ্রি’ তৈরি করা হয় তবে তাতেও আমি থাকেবো।”
‘নেনে রাজু নেনে মন্ত্রী’ ছাড়াও চলতি বছর মুক্তি পাচ্ছে রানা’র নতুন দুই তামিল ছবি ‘মাদাই থিরানথু’ ও ‘ইনাই নোকি পাইয়ুম থোতা’।
