২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের মাঠেও সালমান শাহ  শিল্পীদের ঐক্য চেয়েছিলেন

দুর্লভ ভিডিওতে দেখা গেলো বিএফডিসি আয়োজিত প্রীতিম্যাচে ক্রিকেটার সালমান শাহকে। ১৯৯৪ সালে অনুষ্ঠিত এ ম্যাচে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সালমান চেয়েছিলেন শিল্পীরা যেন খেলার মাঠের মতোই চিরকাল ঐক্যবদ্ধ থাকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

বাংলাদেশে সিনেমার চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। কিন্তু নব্বইয়ে সালমান শাহর যখন আবির্ভাব, তখন সিনেমার জনপ্রিয়তা ক্রিকেটের চেয়েও বেশি ছিলো।

সেই সময় প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর নতুন নায়কের আবির্ভাবে পুরো বাংলাদেশ ‘সালমান শাহ’ নামটিকে হৃদয়ে স্থান দিয়েছিলো । তখনই ক্রিকেটের মাঠেও দেখা গিয়েছিলো এ নায়ককে।

ব্যক্তিজীবনে সালমান শাহ ছিলেন ক্রীড়াপ্রেমী মানুষ। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি দুর্বার আকর্ষণ ছিলো । করতেন মিডিয়াম পেস বোলিং। ইচ্ছে ছিল ক্লাব ক্রিকেটে যোগ দেয়ার। কিন্তু হয়ে গেলেন নায়ক।

১৯৯৪ সালে বিএফডিসির সব শিল্পী ও পরিচালকদের প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন সালমান শাহ। খেলার চেয়ে প্রিয় নায়ককে এক নজর দেখতে গ্যালারীতে উপস্থিত হয়েছিলেন হাজার দর্শক। খেলার ফাঁকে দর্শকদের অটোগ্রাফও দিয়েছিলেন সালমান। জানিয়েছিলেন দর্শকদের বিপুল উপস্থিতিতে তার অনুভূতির কথা।

বাংলাদেশ ক্রিকেটদল যখন মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ছে তখন সালমানের মৃত্যুদিনে ইউটিউবের কল্যাণে দুর্লভ একটি ভিডিও সামনে এসেছে। সেখানেই ধরা পড়েছেন ক্রিকেটার সালমান শাহ।

 

ম্যাচ চলাকালেই ক্যামেরায় নিজের অনুভূতি তুলে ধরে সালমান শাহ বলেছিলেন, “আজকের এ খেলায় আমরা শিল্পীরা-ডিরেক্টররা একসঙ্গে মাঠে নেমেছি। ডিরেক্টরদের তো কেউ স্ক্রিনে দেখতে পায় না, এখন তাদের সবাইকে মাঠে দেখতে পাচ্ছে। আমাদের প্রচণ্ড মনোবল যে এই ম্যাচে আমরা জিততে পারবো। আমি আশা করবো, একজন নতুন হিরো হিসেবে প্রথম আমি এ ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে, আমি এসেই নতুন শতাব্দীর এই উৎসবটি পেয়েছি, এই ক্রিকেট ম্যাচটি পেয়েছি। এখানে আমি আমার যে ভক্তদের দেখতে পাচ্ছি এতে আমি অত্যন্ত আনন্দিত।”

শিল্পীদের মধ্যে চিরঐক্য প্রত্যাশা করে ঢালিউড হিরো আরও বলেছিলেন, “শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা, শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা এবং শিল্পীদের মধ্যে যেন এরকম ইউনিটি থাকে, আমি দোয়া করবো যাতে একজন শিল্পীর বিপদে একজন শিল্পী যেন দৌড়ে আসে এইরকম মানসিকতা আমাদের মধ্যে সবসময় থাকে।”