সালমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
চিত্রনায়ক সালমান শাহর ২১ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের ভক্ত ও স্বজনেরা। অনুষ্ঠানে সালমানের খুনীদের শাস্তির দাবি জানিয়েছেন মা নীলা চৌধুরী।
বুধবার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেট শাহজালাল (র) দরগাহে সালমান শাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন ‘সালমান শাহ ঐক্যজোট’এর সদস্য ও তার পরিবারের সদস্যরা। এসময় চিত্রনায়কের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।
বিকেল ৩ টায় সালমান শাহের মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ভক্তরা। পরে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে দেওয়া বক্তব্যে সালমান শাহ’র মা নীলা চৌধুরী বলেন, “সালমান শাহকে হত্যা করা হয়েছে এটা পরিষ্কার। এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আন্দোলন করা হবে। সারাদেশে সমাবেশ হবে।”
তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের ফ্ল্যাট থেকে সালমান শাহ’র (শাহরিয়ার চৌধুরী ইমন) লাশ উদ্ধার করা হয়।
তখন আত্মহত্যা হিসেবে দেখে পুলিশ মামলা নথিভুক্ত করলেও তাতে আপত্তি জানায় সালমান শাহর পরিবার। সালমানের বাবা কমরুদ্দীন আহমেদ হত্যার অভিযোগ তোলেন। কমরউদ্দিনের মৃত্যুর পর সালমানের মা নীলা চৌধুরী ওই মামলা চালাচ্ছেন। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) আছে।
