২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন বেশে কেন মোশাররফ করিম?

গায়ে কালো জোব্বা, মাথায় পাগড়ি, চোখে সুরমা আর মুখে পাকা দাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। বেশ আয়েসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। এক ঝলকে চিনতে কষ্ট হলেও চোখজোড়া মুখের উপর কিছুক্ষণ স্থির রাখলে চিনতে কষ্ট হওয়ার কথা না। মোশাররফ করিম এমন বেশে কেন?

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

ছবিটি ফেইসবুকে পোস্ট করেছেন নির্মাতা সাগর জাহান। বিষয়টা তিনিই খোলাশা করলেন, “আমার ধারাবাহিক নাটক ‘ল্যাম্প পোস্ট’-এ অভিনয় করছেন মোশাররফ ভাই। নাটকের চরিত্রের প্রয়োজনেই এই বেশ নিয়েছেন তিনি।”

নাটকে মোশাররফ করিমের চরিত্রের নাম শামীম। ব্যক্তিজীবনেও সেটিই তার ডাকনাম।

নাটকের গল্পে কী ব্যক্তি মোশাররফ করিমের ব্যক্তিজীবনের কোনো ছায়া থাকছে?

Image
ছবি: সাগর জাহানের ফেইসবুক থেকে নেয়া।

ছবি: সাগর জাহানের ফেইসবুক থেকে নেয়া।

নির্মাতা বললেন, “মোশাররফ ভাইয়ের চরিত্রটা তাঁর ব্যক্তিজীবন থেকেই নেয়া। শামীম চরিত্রটি অভিনয়ের জন্য ঢাকায় আসে। মিডিয়ার ফুটপাত ধরে হাঁটে। ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই। কিন্তু স্বপ্ন দেখেন অভিনয়ের। সেকারণে নিজে নিজেই নিজের গেট-আপ পরিবর্তন করে মানুষকে ভড়কে দেয়। মোশাররফ ভাইয়ের আরো অনেক স্ট্রাগলের গল্পও আছে। কিন্তু সবটা তুলে আনা যায়নি।”

শুধু মোশাররফ করিম নয়, কচি খন্দকার, মারজুক রাসেলের চরিত্রগুলোও তাদের ব্যক্তিজীবন থেকে নেয়া। নাটকে তারা কবি ও গীতিকার চরিত্রে অভিনয় করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিন।

সাগর জাহান বললেন, “আমি ১৫ বছর ধরে ডিরেকশন দিই। কিন্তু নাটকের গল্পটা ১৫ বছর আগের। নব্বই পরবর্তী আমাদের জীবনযাত্রা তুলে আনার চেষ্টা করেছি নাটকে।”

স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনে ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে। ইতিমধ্যে ২২ পর্বের প্রচার হয়েছে।