রাজপথে নামছে সালমান ভক্তরা
বুধবার (৬ সেপ্টেম্বর) চিত্রনায়ক সালমান শাহর ২১তম প্রয়াণ দিবস। দিনটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছেন ‘সালমান শাহ ঐক্যজোট’। সংগঠনটির প্রধান উপদেষ্টা নীলা চৌধুরী বললেন, “সালমান হত্যার আসামিদের শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করা হবে।”
সালমান শাহর ভক্তদের সংগঠন ‘সালমান শাহ ঐক্যজোট’ দেশজুড়ে পালন করছে দিনটি। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটসহ দেশের অঞ্চলে একত্র হবেন সালমান ভক্তরা। দুপুর ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধনে অংশ নেবেন। এরপর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হবে।
সালমান শাহর মা নীলা চৌধুরী গ্লিটজকে জানিয়েছেন, “দেশবাসীর কাছে অনুরোধ করছি, সবাই সালমান হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলুন। বিক্ষোভ মিছিলে যোগ দিন।”
তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের ফ্ল্যাট থেকে সালমান শাহর (শাহরিয়ার চৌধুরী ইমন) লাশ উদ্ধার করা হয়।
তখন আত্মহত্যা হিসেবে দেখে পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করলেও তাতে আপত্তি জানায় সালমান শাহর পরিবার। সালমানের বাবা কমরুদ্দীন আহমেদ হত্যার অভিযোগ তোলেন। কমরউদ্দিনের মৃত্যুর পর সালমানের মা নীলা চৌধুরী ওই মামলা চালাচ্ছেন। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) আছে।
