চলে গেলেন ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ অভিনেতা
চলে গেলেন সত্তরের দশকের সাড়াজাগানো টিভি সিরিজ ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ অভিনেতা রিচার্ড অ্যান্ডারসন। বৃহস্পতিবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
১৯৭৪ সালের সাড়াজাগানো বৈজ্ঞানিক কাহিনি নির্ভর টিভি সিরিজ ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’য়ের অস্কার গোল্ডম্যান চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান রিচার্ড অ্যান্ডারসন।
এছাড়াও ‘দ্য বায়োনিক ওম্যান’ টিভি সিরিজ দিয়ে দর্শকমাৎ করেন তিনি। পরবর্তীতে এ সিরিজ দুটি নিয়ে নির্মিত টেলিছবি- ‘দ্য রিটার্ন অফ সিক্স মিলিয়ন ডলার ম্যান’, ‘বায়োনিক শোডাউন: সিক্স মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড দ্য বায়েনিক ওম্যান’, ‘বায়োনিক এভার আফটার?’এ দেখা গেছে তাকে।
প্রথম জীবনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ছিলেন অ্যান্ডারসন। পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। জীবদ্দশায় প্রায় ১৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য পার্ল’, ‘ফরবিডেন প্ল্যানেট’, ‘দ্য অ্যাস্ট্রোনট’, ‘ড্রিম ওয়াইফ’, ‘আই লাভ মেলভিন’, ‘সেভেন ডেইস ইন মে’ ইত্যাদি।
ভ্যারাইটি ফেয়ার’কে এ তারকার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার পারিবারিক মুথপাত্র জোনাথন টেইলর। ৯১ বছর বয়সে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন এ অভিনেতা। মৃত্যুর সময় স্ত্রী ক্যাথরিন থালবার্গ ও তিন কন্যা- অ্যামনি, ব্রুক ও ডেভা’কে রেখে গেছেন তিনি।
