ঐশ্বরিয়ার নায়ক হচ্ছেন রাজকুমার রাও
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ফ্যানি খান’এ ঐশ্বরিয়ার বিপরীতে চূড়ান্ত হলেন ‘বারিলি কি বরফি’ অভিনেতা রাজকুমার রাও। নায়কের ভক্তরা এই বিশেষ খবরটিকে তার জন্মদিনের বড় উপহার বলেই মনে করছেন ।
‘ফ্যানি খান’এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর জুটি বাঁধছেন অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। শুরু থেকেই এ সিনেমাকে ঘিরে তাই দর্শক আগ্রহের শেষ নেই। অনিল কাপুরের পাশাপাশি এ ছবিতে রোমান্টিক দৃশ্যে ঐশ্বরিয়ার বিপরীতে দেখা যাবে রাজ কুমার রাও’কে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রাজকুমারের চরিত্রটির জন্য প্রথমে আর. মাধবনের কথা ভাবা হলেও তার সঙ্গে শিডিউল মেলাতে পারেনি তারা। এ কারণেই তার বদলে রাজকুমারকে চূড়ান্ত করা হয়েছে এ ছবির জন্য। ‘বারিলি কি বরফি’ তারকাকে ঐশ্বরিয়ার বিপরীতে চূড়ান্তের খবরটি টুইটারে নিশ্চিত করেছেন প্রযোজক ওম প্রকাশ মেহরা নিজেই।
ঐশ্বরিয়ার বিপরীতে আর. মাধবনকে নেওয়ায় অসন্তুষ্ট হয়েছেন বচ্চনবধূ- ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো এমনই খবর। তবে এ খবরকে উড়িয়ে দিয়ে ‘ফ্যানি খান’এর প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট’এর পক্ষ থেকে বলা হয়েছে, “আর মাধবনকে নিয়ে কারও আপত্তি ছিলো না। শিডিউল না মেলার কারণেই তার বদলে রাজকুমারকে নেওয়া হয়েছে এ সিনেমায়।”
অস্কার বিজয়ী ডাচ সিনেমা ‘এভরিওয়ান ইজ ফেমাস’এর পুনঃনির্মাণ হিসেবে নির্মিত হতে যাচ্ছে ‘ফ্যানি খান’। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে অতুল মঞ্জরেকর পরিচালিত এ ছবির দৃশ্যধারণের কাজ।
